২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্ট জয়ীদের সংবর্ধনা দেশকে তোমরাই রক্ষা করবে: খালেদা

চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের তরুণ-তরুণীদের সাহসী ভূমিকার প্রশংসা করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, আগামী দিনে তরুণ প্রজন্মের হাতে দেশ নিরাপদ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের তরুণ-তরুণীদের সাহসী ভূমিকার প্রশংসা করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, আগামী দিনে তরুণ প্রজন্মের হাতে দেশ নিরাপদ থাকবে। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, দ্বিতীয় বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন ও এম এ মুহিতের সংবর্ধনা অনুষ্ঠানে বুধবার রাতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান বিরোধী দল বিএনপি এই সংবর্ধনার আয়োজন করে। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। তার পথ ধরে এই গৌরবের ভাগিদার হন এই তিনজন। এভারেস্ট জয়ী এই তিন তরুণ-তরুণীকে অভিনন্দন জানিয়ে খালেদা বলেন, “শত প্রতিকুলতার মাঝেও তোমরা এভারেস্ট জয় করে বাংলাদেশের সুনাম বিশ্বময় পৌঁছে দিয়েছো। নানা কারণে যেভাবে দেশের সুনাম নষ্ট হচ্ছে, সেখানে তোমাদের এই বিজয় কিছুটা হলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।” সংবর্ধনার শুরুতে এভারেস্ট জয়ী মুহিতকে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, নিশাতকে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান এবং ওয়াসফিয়াকে স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও সহ ক্রীড়া সম্পাদক রায়হান আমিন তালুকদার রনি ফুল দিয়ে অভিনন্দন জানান। এভারেস্ট চূড়ায় ওঠা এই তিনজনকে ক্রেস্ট উপহার দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারা এভারেস্ট চূড়ায় আরোহনের একটি আলোকচিত্র বিরোধী দলীয় নেতাকে উপহার দেন। এভারেস্ট জয়ী তিন তরুণ-তরুণী পরে তাদের অনুভূতির কথা জানান। একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয়ের কথা স্মরণ করে বিরোধী দলীয় নেতা বলেন, “আমাদের তরুণ-তরুণীদের এই জয় সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। বহির্বিশ্বে দেশের সম্মান বৃদ্ধি করবে।” “আমি এজন্য আশাবাদী যে, তোমাদের হাতেই আমাদের দেশ নিরাপদ থাকবে। দেশকে কেউ পদানত করতে চাইলে তোমরাই রক্ষা করবে। আমরা জয় করতে জানি, পরাজয় মানতে জানি না,” দৃঢ় প্রত্যয়ের সঙ্গে যোগ করেন খালেদা। তিনি এভারেস্ট জয়ী নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন ও এম এ মুহিতের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তাদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, তোমরা দেশের জন্য চ্যালেঞ্জিং কাজ করেছো। এজন্য বাংলাদেশীরা গর্বিত। লেখাপড়ার পাশাপাশি তোমরা দেশের জন্য কাজ করে যাবে- এই আমাদের কামনা। নিশাত ও ওয়াসফিয়ার এভারেস্ট চূড়ায় ওঠার সাফল্যে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খালেদা বলেন, মেধা ও কর্মে নারীরা আজ এগিয়ে আছে। নারীরা বাংলাদেশের রাজনীতিতেও সাফল্য দেখিয়েছে। এভারেস্ট চূড়ায় আরোহন করে মেয়েরা প্রমাণ করেছে- তারা এভারেস্টও জয় করতে পারে। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করেন বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সংবর্ধনার পর বিরোধী দলীয় নেতা এই তিন এভারেস্ট জয়ীর সঙ্গে এক চা-চক্রে মিলিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৪১ ঘ.