চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাকে চাঁদাবাজি ও ডাকাতির মতো ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার হবে বলে চট্টগ্রাম চেম্বার নেতাদের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে রড ট্রান্সপোর্ট এজেন্সির মালিকরা।
বুধবার বিকালে চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে এক সভায় চেম্বারের নেতাদের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহারের এই সিদ্ধান্ত হয় বলে এম এস রড ও লোহাজাত পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আবু মোজাফফর জানান।
বৃহস্পতিবার থেকেই ট্রাক চলবে বলে জানান তিনি।
চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় লোহার রড পরিবহনকারী ট্রাকে চাঁদাবাজি, ডাকাতিসহ নানা অপরাধের প্রতিবাদে গত রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে রড ট্রান্সপোর্ট এজেন্সির মালিকরা।
আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ও কাভার্ডভ্যান মালিক সমিতিও ধর্মঘটে যোগ দেয়।
আবু মোজাফফর বলেন, “চেম্বারের নেতারা আমাদের দাবিগুলো নিয়ে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগে যোগাযোগের আশ্বাস দিয়েছেন।”
এদিকে চেম্বার সচিব ওমসান গনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চেম্বারের নেতাদের আশ্বাসের ভিত্তিতে রড ট্রান্সপোর্ট এজেন্সি ও আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ও কাভার্ডভ্যান মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/২০৪১ ঘ.
bdnews24