২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরাপুলের হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 05:18 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ফকিরাপুলের ‘নুরানী হোটেলের’ তৃতীয় তলার একটি রুমের দরজা ভেঙ্গে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়। তার নাম আবু সামা (৬০)। বাড়ি কক্সবাজারের উত্তর ননিয়ারচরে বলে পুলিশ জানায়। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) হারুন উর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে ১ নম্বর ফকিরাপুলের নুরানী হোটেলের ব্যবস্থাপক মো. ইউসুফ থানায় খবর পাঠান যে, তাদের হোটেলের একজন বোর্ডার দরজা খুলছেন না। পুলিশ ওই হোটেলের তৃতীয় তলার ৫৪ নম্বর কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে আবু সামার মৃতদেহ বিছানার ওপর দেখতে পায়। এসআই বলেন, ওই কক্ষে চিকিৎসকের একটি ব্যবস্থাপত্র পাওয়া গেছে এবং এতে নিহতের রক্তচাপ ১৬০/৯০ লেখা রয়েছে। টেবিলে তিন ধরনের ওষুধও পাওয়া যায়। হার্ট অ্যাটাকে সামার মৃত্যু হয়েছে বলে তার ধারণা। হোটেল ব্যবস্থাপক পুলিশকে জানান, আবু সামা সোমবার রাত ৮ টায় হাটেলের ওই কক্ষটি ভাড়া নেন। হোটেল রেজিস্টারে তার পেশা লেখা আছে ব্যবসায়। পরদিন দুপুর পর্যন্ত সামা দরজা না খোলায় পুলিশে খবর পাঠানো হয়। সামার সঙ্গে থাকা মোবাইল ফোনে তার স্বজনদের কাছে মৃত্যুর খবর পাঠানো হয়েছে বলে এসআই রশিদ জানান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২৩১১ ঘ.