২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে আটক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে আটক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ রাসেল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। সোমবার জয়পুরহাটে একটি ব্যাংকে ব্যবস্থাপকের কার্যালয় থেকে চাঁদাবজির অভিযোগে এক সহযোগীসহ তাকে র‌্যাব গ্রেপ্তার করে। আনোয়ার হোসেন আনু ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং নওগাঁর সাপাহার উপজেলার প্রফেসর পাড়ার মনিরউদ্দিন মাস্টারের ছেলে। ছাত্রলী নেতা শেখ মোহাম্মদ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেকোনো বিশ্ববিদ্যালয়ের নেতার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে ওই শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশে কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করতে পারে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই নেতার বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৬ ঘ.