২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু তারা নেই

“সব কিছুই আছে। এই চেয়ার, বই, বইয়ের ওপর ওর আঁকিবুকি। শুধু সে নেই। পড়তে বসে ছবিটার দিকে চোখ গেলে সব এলোমেলো হয়ে যায়,” মিরসরাই ট্রাজেডির বছর গড়ানোর পরও আবেগ উছলে পড়ে বোনের কণ্ঠে। মিন্টু চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অনুপস্থিত’ শিক্ষার্থীদের বেদনা ভুলতে শেষ পর্যন্ত খাতাই পাল্টে ফেলা হয়েছিল। যেন হারিয়ে যাওয়াদের ভুলে থাকার এক অন্যরকম ‘প্রয়াস। তবুও কি ভোলা গেছে, আড়াল হয়েছে সেই হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের মুখ। ২০১১ সালের ১১ জুলাই খেলা দেখে বাড়ি ফেরার পথে মিরসরাইয়ের সৈদালীতে ট্রাক উল্টে মারা যায় ৪৫ জন, যাদের ৩৩ জনই ছিল আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বুধবার সেই মর্মান্তিক ঘটনার একবছর। বছর ঘুরে গেলেও এখনো যেন শিক্ষক আর শিক্ষার্থীদের স্মৃতিতে সজীব আবু তোরাবের ৩৩ শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বললেন, জুলাই মাসেও হাজিরা খাতায় ওই শিক্ষার্থীদের নাম ছিল, ছিল পরের মাসেও। কেউ কেউ ভুল করে নামের পাশে অনুপস্থিতির ‘চিহ্ন’ দিয়ে ফেলেছিলেন। কষ্ট ভুলতে হাজিরা খাতাও পাল্টে ফেলা হয়েছিল। “সব কিছু কী আর বদলানো যায়। মুছে ফেলা যায়। মনের খাতা থেকে তাদের নাম যে মুছতে পারছি না,” সজল চোখে এই কথাগুলো বলার সময় আবেগ ধরে রাখতে পারছিলেন না এই শিক্ষক। আর স্বজনরা যেন এখনো খুঁজে ফেরেন তাদের প্রিয় কিংবা দুষ্টুমিতে প্রাণোচ্ছ্বল মুখ। এক একটা স্মৃতিময় মুহূর্ত যেন তাদের কষ্টের মাত্রা বাড়িয়ে দেয় হাজারগুণ। “তোফাজ্জল আর আমি এক টেবিলেই পড়তাম। মাঝে মাঝে পড়া থামিয়ে ও বলতো- আপু এত মোটা মোটা বই কীভাবে মুখস্ত করো তোমরা। কিংবা পানি খাওয়ার নাম করে হঠাৎ উধাও,” ভাইয়ের স্মৃতি হাতড়ে বলেন কলেজছাত্রী তাহমিনা আক্তার। পড়ার টেবিলে দুষ্টু হাসিমাখা তোফাজ্জলের একখানা ছবি। ফ্রেমে বাঁধানো সেই ছবি দেখিয়ে তাহমিনা খানিকটা আক্ষেপ করেই বললেন, “সব কিছুই ঠিকঠাক আছে। এই চেয়ার, বই, বইয়ের ওপর তোফাজ্জলের আঁকিবুকি। সব, সব আছে। শুধু সে নেই। পড়তে গিয়ে এই ছবিটার দিকে চোখ গেলে সব কেমন যেন এলোমেলো হয়ে যায়।” সন্তানের স্কুল ফেরার সময় হলেই মা হাসিনা আক্তার এখনো দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন। যেন বাড়ি ফিরলেই নিজ হাতে খাইয়ে দেবেন ছোট ছেলেকে। “সবই তো চলছে। শুধু মনের শূন্যতা কাটাতে পারছি না,” সন্তানের ছবির পাশে দাঁড়িয়ে কথাগুলো বলতে গিয়ে একপর্যায়ে কেঁদেই ফেলেন হাসিনা। মিরসরাই দুর্ঘটনায় নিহত আবু তোরাব স্কুলের নবম শ্রেণীর ছাত্র তারেক হোসেনের ছোট বোন বিউটি ফেরদৌস মুন্নী তখন পড়তো একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে। এক সঙ্গে স্কুলে যাওয়া-আসা করতো তারা। মুন্নী এখন সপ্তম শ্রেণীতে পড়ে। কথা প্রসঙ্গে সে বললো অন্যরকম এক কষ্টের কথা। “অনেক কিছুই ঠিক হয়েছে কিন্তু ভাইকে হারিয়ে আমাদের পরিবারের যে কান্না-হাহাকার তা কখনোই কেউ দেখবে না। বড় ভাইকে ছাড়াই আনন্দহীন কেটেছে আমাদের দুটি ঈদ। পড়তে বসলে কিংবা স্কুলে যাওয়া-আসার পথে ভাইয়ার কথা খুব মনে পড়ে।” আর আহত সন্তানকে বাঁচাতে না পারার কষ্ট প্রতিনিয়ত যেন তাড়িত করে স্বামী হারা নীলিমা শীলকে। ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র নয়ন শীল দুর্ঘটনায় আহত হয়ে বেঁচে গেলেও ফিরতে পারেনি ঘরে। নীলিমা শীল এখন কথা বলেন কান্নার ভাষায়! সন্তানের মৃত্যুর সব দায় যেন এই বিধবা নারীর। বললেন, “আমার ছেলেটা বেঁচেও বাঁচতে পারল না। চারমাস ঘর ছেড়ে হাসপাতালে কাটিয়েছি, ঘরে ফিরেছি ছেলের লাশ নিয়ে। আমি এখন কাকে নিয়ে বাঁচবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০১৬ ঘ.