২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

বড় পুকুরিয়া কয়লা খনি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনরত গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

দিনাজপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লা খনি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনরত গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসী শতভাগ ক্ষতিপূরণের দাবিতে গত ২১ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এর অংশ হিসাবে কয়েক হাজার নারী পুরুষ সোমবার দুপুর ১২টার দিকে খনির মূল এবং আবাসিক এলাকার দুটি ফটকে অবস্থান অবরোধ শুরু করে। পুলিশ বেলা দেড়টার দিকে আবাসিক এলাকার ফটক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে শুরু হয় সংঘর্ষ। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের এজিএম আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খনির আবাসিক এলাকার ফটকে পুলিশ অবস্থান নিয়েছে। তবে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে।” সংঘর্ষে অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি। বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র সভাপতি ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। ইব্রাহিম খলিল বলেন, “আমাদের অবস্থান কর্মসূচির ২১ দিন পেরিয়ে গেছে। কিন্তু জেলা প্রশাসন আমাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই বাধ্য হয়ে খনি অবরোধের মতো কঠোর আন্দোলনে নেমেছি।” এবার খনিতে কয়লা উত্তোলনও বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হামিদুল হক বলেন, “ক্ষতিগ্রস্তদের জন্য ২১ কোটি টাকার চেক হস্তান্তরের জন্য আমি খনিতে এসেছি। কিন্তু দুপুর ১টা পর্যন্ত কেউ চেক নিতে আসেনি।” তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খনি ফটকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মালেকের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। খনির ভিতরে বিজিবিকেও সকর্ত অবস্থায় রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৪৫০ ঘ.