২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন

সংবাদপত্র থেকে কর্মী ছাঁটাই বন্ধ এবং কর্মচ্যুত সাংবাদিকদের পাওনা পরিশোধের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্র থেকে কর্মী ছাঁটাই বন্ধ এবং কর্মচ্যুত সাংবাদিকদের পাওনা পরিশোধের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকরা। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের আয়োজনে এ মানববন্ধনে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা অংশ নেন। মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি ওমর ফারুক বলেন, “দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকণ্ঠ, দৈনিক যায়যায়দিনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকের মালিকপক্ষ বকেয়া পাওনা না দিয়েই প্রবীণ সাংবাদিকদের ছাঁটাই করছে। রোজার আগেই এ সব বকেয়া পাওনা পরিশোধ না করা হলে আমরা ওই সব সংবাদ মাধ্যম কার্যালয়ের সামনে অবস্থান নিতে বাধ্য হবো।” মানববন্ধনে সংবাদ মাধ্যম থেকে সংবাদ কর্মীদের ছাঁটাই ও বকেয়া পাওনা আদায়ের দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। এসব প্ল্যাকার্ডে লেখা ছিলো, ‘দৈনিক জনকণ্ঠে ১২ মাসের বকেয়া বেতন আদায় বাকি’, ‘দৈনিক যায়যায়দিনের পাওনা আদায়’, ‘দৈনিক ইত্তেফাকের কর্মী ছাঁটাই বন্ধ কর’, ‘দৈনিক জনতা ও দৈনিক দিনকালের সাংবাদিকদের নিয়োগপত্র প্রদানসহ সপ্তম ওয়েজ বোর্ডে বেতন প্রদান করতে হবে’, ‘দৈনিক সমকালের ৭৩ সাংবাদিকের বকেয়া পাওনা পরিশোধ কর’, ‘দৈনিক ইনকিলাবের আট মাসের বকেয়া বেতন পরিশোধ কর’ ইত্যাদি। কর্মসূচিতে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/২৩১৯ ঘ.