ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোসহ ১৬ দফা দাবিতে ৯ জুলাই (৮ জুলাই দিবাগত রাত ১২টা ০১ মিনিট) থেকে ঘোষিত কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
রোববার নৌমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকের পর ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ ঘোষণা দেন।
এ সময় নৌ-মন্ত্রী ছাড়াও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, নৌযান মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ এবং নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছিলেন আশিকুল আলম।
ওই দিন লিখিত বক্তব্যে তিনি বলেন, ৫ জুলাইয়ের মধ্যে নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫ হাজার টাকা করাসহ ১৬ দফা দাবি পূরণ না হলে ৮ জুলাই রাত ১২টার পর থেকে কর্মবিরতি শুরু হবে।
যাত্রীবাহী, তেলবাহী, বালুবাহী, বাল্কহেড ও সামুদ্রিক মৎস্য শিকারি জাহাজে কর্মরত শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন বলেও ওইদিন ঘোষণা দিয়েছিলেন তিনি।
তাদের অন্য দাবিগুলো ছিল প্রত্যেক নৌযান শ্রমিকদের নিয়োগপত্র ও সাভির্স বুক দেওয়া, মাসিক বেতন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে দেওয়া, ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড চালু, চিকিৎসা ভাতা এক হাজার টাকা করা, কর্মরত অবস্থায় মারা যাওয়া শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়া এবং কাজের সময় ৮ ঘণ্টা নির্ধারণ।
রোববার দীর্ঘ আড়াই ঘণ্টার বৈঠক শেষে নৌমন্ত্রীসহ মালিক ও শ্রমিকপক্ষ একটি ত্রিপক্ষীয় সমঝোতায় স্বাক্ষর করেন।
ওই সমঝোতায় বলা হয়, শ্রমিকদের এসব দাবি বাস্তবায়নে আগামী দুইমাসের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক করে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে।
আগামী রমজান মাসেই এ নিয়ে একাধিক বৈঠক করে মালিক ও শ্রমিকদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শাজাহান খান বলেন।
বৈঠক শেষে চৌধুরী আশিকুল আলম বলেন, সরকার ও মালিক পক্ষের সঙ্গে বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া না হলে আবারো কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, হুঁশিয়ারি দেন তিনি।
মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের সমস্যা সমাধানের আগে সরকারকে মালিকদের সমস্যা নিয়ে বৈঠক করতে হবে। এতে মালিকদের সমস্যার সমাধান হলে মালিকরাও শ্রমিকদের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমআই/২০৩১ ঘ.
bdnews24