ঝালকাঠী, জুলাই ০৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থতার কারণে র্যাবের করা একটি মামলায় আদালতে হাজির হতে পারেননি লিমন হোসেন।
সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় রোববার সময়ের আবেদন করলে ঝালকাঠীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান তা মঞ্জুর করেন এবং আগামী ২ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন বলে জানান লিমনের আইনজীবী আককাস সিকদার।
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যাবের গুলিতে একটি পা হারান ওই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন।
ওনদিন সন্ধ্যায় র্যাব বাদী হয়ে রাজাপুর থানায় লিমনসহ আটজনকে আসামি করে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা করে।
তবে লিমনের দাবি মাঠে গরু আনতে গেলে তাকে র্যাব সদস্যরা ধরে গুলি করে।
এ মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় লিমন ছাড়া আরো সাত জনকে আসামি করা হয়েছে।
সবার বিরুদ্ধে গত ১ জুলাই অভিযোগপত্র দেওয়া হয়েছে। কিন্তু লিমন ছাড়া বাকি আসামিরা পলাতক।
শারীরিক অসুস্থতার কারণে রোববার আদালতে হাজির হতে পারেননি বলে মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান লিমন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এমএইচপি/ডিডি/১৮১৮ ঘ.
bdnews24