২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মনির্ভরশীল না হলে উন্নতি হবে না: প্রধানমন্ত্রী

উন্নয়নের স্বার্থে দেশবাসীকে আবারও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়নের স্বার্থে দেশবাসীকে আবারও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের সংগঠন প্রকৃচি কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ রোববার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, “কোনো উন্নয়নের জন্য আমরা কারো ওপর নির্ভর করে থাকব না। আমাদের পরনির্ভরশীলতা কমাতে হবে। আত্মনির্ভরশীল হতে হবে। নইলে আমরা এগুতে পারব না।” বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের প্রেক্ষাপটে গত ৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রয়োজনে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার কথা উল্লেখ করে বলেছিলেন, “বাংলার মানুষ সারা জীবন কি অন্যের সাহায্যে চলবে? নিজের পায়ে দাঁড়াবে না? আত্মনির্ভরশীল হবে না?” সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে প্রকৌশলী, কৃষিবিদ এবং চিকিৎসকদের পাশে পাওয়ায় বিষয়টি প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তার মোবাইল ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা প্রকাশ করার পর বিভিন্ন অভিযোগ পাওয়ার কথাও উল্লেখ করেন। সুষম উন্নয়নের জন্য প্রশাসনের বিকেন্দ্রীকরণের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সংগঠনের সভাপতি প্রকৌশলী এম নুরুল হক এবং মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে প্রকৃচির সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রকৃচি নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী তা শোনেন এবং সমস্যা সমাধানে সব পেশার প্রতিনিধি নিয়ে একটি কমিটি করার কথা বলেন। এ সময়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৭৫৮ ঘ.