বগুড়া, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সদরের বড়কুমিড়া মধ্যপাড়ায় শনিবার রঞ্জু সর্দার নামে এক ডিশ ব্যবসায়ী খুন হয়েছেন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শহরে তিন জনের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।
বগুড়া সদর থানার ওসি মাহমুদুল হক বলেন, সকালে ভাতিজাকে স্কুলে রেখে বাড়ি ফেরার পথে বড়কুমিড়া মধ্যপাড়া এলাকায় পৌঁছলে সাত থেকে আট জন সন্ত্রাসী অটোরিকশায় এসে রঞ্জুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে বগুড়া তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে সোহাগের সঙ্গে বিরোধের জেরে সন্ত্রাসীরা এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি মাহমুদুল হক।
তিনি আরো বলেন, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা দুপুরে ওই এলাকার হেলাল, বেলাল ও খয়বর নামে তিন জনের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত রঞ্জু সর্দারের স্থানীয় গোদারপাড়া এলাকায় সোহাগ ক্যাবল নেটওয়ার্ক নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২০০৯ ঘ.
bdnews24