দিনাজপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের সেতাবগঞ্জে রেল লাইনের ওপর পেতে রাখা বস্তুটি বোমা নয় বলে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞরা বস্তুটি খুলে ভেতর থেকে বের করেন দু’টি চার্জার, দু’টি ক্যাপাসিটর, দু’টি সার্কিট এবং কিছু তার। এছাড়া তামার তারে মোড়া ছিল একটি কলার মোচাও।
তবে এর আগে তারা বস্তুটি বোমা বলে জানিয়েছিলেন।
এদিকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দিনাজপুরের সহকারী পুলিশ সুপার এ টি এম শাহীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বস্তুটি খোলার আগেও এটি বোমা বলে সবাই ধারণা করেছিল। কিন্তু পরে নিশ্চিত হওয়া গেছে এটি বোমা নয়।
আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এটি রেল লাইনে পেতে রেখেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
এর আগে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দলের এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বস্তুটি বোমা। তবে কী পরিমাণ বিস্ফোরক এতে রয়েছে, সেটি পরীক্ষার পর জানা যাবে।
সকালে বোমার মতো বস্তুটি দেখার পর থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় লাইনে রেল চলাচল বন্ধ থাকায় পার্বতীপুর-পঞ্চগড় চলাচলকারী ট্রেন কাঞ্চন এক্সপ্রেস আটকা পড়ে।
সেতাবগঞ্জ স্টেশনের কাছে থানপাড়া এলাকায় রেল লাইনের একটি পাতের সঙ্গে বোমাসদৃশ বস্তুটি শেকল দিয়ে বাঁধা ছিল। এটি চার কোণা একটি বাক্স এবং ভেতর থেকে প্যাঁচানো একটি তারও বেরিয়ে ছিল। বাক্সের অর্ধেক মাটিতে পোঁতা ছিল।
বেলা সোয়া ৩টার সময় ক্যাপ্টেন পূর্ণিমার নেতৃত্বে সেনাবাহিনীর নয় সদস্যের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসী বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে।
দিনাজপুর রেল স্টেশন মাস্টার মঞ্জুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টায় কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশন থেকে ছেড়ে গেলেও মঙ্গলপুর স্টেশনে গিয়ে সেটি আটকা পড়ে।
রাতে রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24