ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষয়ক্ষতির পাশাপাশি বন্যার উপকারী একটি দিকও যে রয়েছে, জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাটির পানি ধারণ এবং উর্বরতা শক্তি বাড়াতে বন্যার প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি ক্ষয়ক্ষতি এড়াতে সরকার যে সচেতন রয়েছে, তাও জানিয়েছেন তিনি।
বর্ষার মৌসুমের শুরুতে অতিবর্ষণে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের কয়েকটি জেলার নিচু এলাকা প্লাবিত হওয়ার মধ্যে শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য পক্ষের অনুষ্ঠানে বন্যা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমি মনে করি, বন্যার প্রয়োজন রয়েছে। বন্যা এখনো ভয়াবহ রূপ নেয়নি। যারা লেখালেখি করেন, তাদের বলব, দয়া করে ভীতির সৃষ্টি করবেন না।
“আমাদের মাটির নিচে পানির পরিমাণ ঠিক মতো রাখতে হবে। বন্যা হলে তা রিচার্জ হয়। ফসল উৎপাদনে মাটির উর্বরতা কমে যায়। বন্যা হলে মাটিতে পলি পড়ে। মাটি রিচার্জ হতে বন্যার প্রয়োজন। তাই সীমিত বন্যার প্রয়োজন রয়েছে।”
পাশাপাশি বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে সরকারের নজর রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের খেয়াল রাখতে হবে, বন্যা যেন ক্ষতিকর না হয়।”
অনুষ্ঠানে সফলভাবে মৎস্যচাষ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখায় পাঁচ জনের হাতে স্বর্ণপদক এবং ১৫ জনের হাতে রৌপ্যপদক তুলে দেন প্রধানমন্ত্রী।
‘রূপালি মৎস্য দিচ্ছে ডাক, দরিদ্রতা ঘুচে যাক’- এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহ শুরুর কর্মসূচি পালিত হয়।
প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতেই মাছের উৎপাদন বৃদ্ধিতে বঙ্গবন্ধুর সামাজিক আন্দোলনের ডাক দেওয়ার কথা মনে করিয়ে বলেন, “আমরা মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া আমাদের চলে না।”
১৯৭৩ সালে দেশে প্রথম মৎস্য সপ্তাহ উদযাপন শেষে বঙ্গবন্ধু গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেছিলেন। শেখ হাসিনাও প্রধানমন্ত্রী হিসেবে প্রতি বছর মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণভবন লেকে মাছের পোনা ছাড়েন।
মৎস্য বিশেষ করে চিংড়ি রপ্তানির ক্ষেত্রে মান বজায় রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অসাধু পদক্ষেপ নিলে একদিন না একদিন ধরা খেতে হবে। আমি আশা করি, আপনারা আগামীতে অসাধু পদক্ষেপ নেবেন না।”
চিংড়ি উৎপাদন ও বাণিজ্যে অসাধু পন্থা বন্ধে নজরদারি আরো জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দেন তিনি।
কৃষকদের মতো জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়ার সরকারি উদ্যোগের কথা প্রধানমন্ত্রী জানান।
মৎস্য ক্ষেত্রের উন্নয়নে নতুন আইন ও নীতিমালা প্রণয়ন করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জাল যার জলা তার’- নীতির আলোকে দেশের জলমহালগুলোতে প্রকৃত জেলেদের মাছ ধরার নিরঙ্কুশ অধিকার নিশ্চিত করার জন্য ‘জাতীয় জলমহাল নীতিমালা’ প্রণয়ন করা হয়েছে।
২০১১ সালের মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের জনবল সঙ্কট মোচনের ঘোষণা দিয়েছিলেন। ইতোমধ্যেই মৎস্য অধিদপ্তরে আট শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে বলে এবারের অনুষ্ঠানে জানানো হয়।
নতুন নিয়োগ পাওয়া মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাধারণ নাগরিকদের মধ্যে মাছ চাষের জন্য উৎসাহ তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
খাদ্যের পাশাপাশি পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে মাছের উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, “এক সময় জলাশয়ে আহরিত শতভাগ মাছ প্রাকৃতিকভাবে উৎপাদিত হতো। এখন মোট মৎস্য উৎপাদনের প্রায় ৬০ শতাংশ আসে চাষ থেকে।”
প্রত্যক্ষ জরিপের মাধ্যমে সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে ১২৮ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প গ্রহণ এবং একটি গবেষণা ও জরিপ জাহাজ কেনার উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের অভ্যন্তরীণ জলাশয়ের পানি শুকিয়ে মাছের আবাসস্থল কমে যাওয়ার দিকটি তুলে ধরে তিনি বলেন, এই নেতিবাচক প্রভাব থেকে ভূমিহীন ও হতদরিদ্র জেলেদের রক্ষা করতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন রোধ জেলেদের খাদ্য সহায়তা কর্মসূচিতে ৬ হাজার ৪৩০ মেট্রিক টন খাদ্য বরাদ্দ রাখার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের তিন বছরে ৫৬ হাজার ৫৬২ মেট্রিক টন খাদ্য বরাদ্দ দিয়েছি।
“আমরা পরিবার প্রতি বরাদ্দ ১০ কেজি থেকে বাড়িয়ে ৩০ কেজি করেছি। প্রায় দুই লাখ জেলে এর সুফল পেয়েছে। এর ফলে গত তিন বছরে ইলিশের উৎপাদন প্রায় এক লাখ টন বেড়েছে।”
অনুষ্ঠানে যারা স্বর্ণ পদক পেয়েছেন তাদের প্রত্যেকে একটি করে পদক, সনদ এবং ৫০ হাজার টাকার চেক নিয়েছেন। রৌপ্য পদকপ্রাপ্তরা পেয়েছেন পদক. সনদ এবং ৩০ হাজার টাকার চেক।
মাছের গুণগতমানের রেণু উৎপাদনের জন্য ময়মনসিংহের ত্রিশালের ইউশা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির মোস্তাক আহমেদ, মাছ উৎপাদনের জন্য খুলনার বটিয়াঘাটার বিপুল কুমার রায়, বাগদা চিংড়ি উৎপাদনের জন্য সাতক্ষীরা সদরের মেসার্স সেতারা ফিস ফার্ম লিমিটেডের কে এম খায়রুল মোজাফফর, মৎস্য ও মৎস্যজাতপণ্য রপ্তানির জন্য খুলনার রূপসার অর্গানিক এক্সপোর্ট লিমিটেডের সৈয়দ আবু আসফার এবং মৎস্য সম্পদ উন্নয়নে সামাজিক সংগঠনের অবদানের জন্য চট্টগ্রামের মিরসরাইয়ের রূপালী মৎস্য প্রকল্পের মহিউদ্দিন আহমেদ রাশেদ স্বর্ণ পদক পান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব উজ্জল বিকাশ দত্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪২৮ ঘ.
bdnews24