ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক সমাবেশে হাতাহাতির ঘটনায় এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক ভানুরঞ্জন চক্রবর্তীর সদস্যপদ স্থগিত করেছে জাতীয় প্রেসক্লাব।
বুধবার ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জাতীয় প্রেসক্লাবের যুগ্মসম্পাদক নুরুল হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভানুরঞ্জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এটিএন বাংলার ৯ সাংবাদিককে প্রেসক্লাবে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়েছে।
সাগর-রুনির খুনি গ্রেপ্তারের দাবিতে গত ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) এক নেতা এটিএন বাংলা চেয়ারম্যানের কার্যালয় ঘেরাওয়ের দাবি তুললে তা নিয়ে হট্টগোল হয়।
সেদিন এটিএন বাংলার কয়েকজন সাংবাদিক ডিইউজে নেতা জাহাঙ্গীর আলম প্রধানের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠলে ওই টেলিভিশনের ১০ জনসহ ১১ সাংবাদিককে বিভিন্ন সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা আসে।
এরপর গত ২৮ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ১১ সাংবাদিককে বহিষ্কার করে। ভানুরঞ্জন রিপোর্টার্স ইউনিটির সদস্য না হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি বলে জানায় রিপোর্টারদের সংগঠনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫০ ঘ.
bdnews24