গাজীপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ভোরে সদর উপজেলার হাতিমারা এলাকায় শহীদুল ইসলামের বাড়িতে এ ঘটনার শিকার যুবকের নাম আলমগীর হোসেন (২৬)। তিনি পাশের লোহাকৈর গ্রামের বাসিন্দা।
শহীদুল ইসলামের ছেলে রফিক জানান, বুধবার ভোর রাত ৩টার দিকে তাদের বাড়িতে একদল গরু চোর হানা দেয়। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে চোরদের ধাওয়া করে আলমগীরকে আটকে গনপিটুনি দেয়, এতে আলমগীর ঘটনাস্থলেই মারা যান।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, আলমগীরের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে।
নিহতের বাবা হোসেন আলী ও স্ত্রী হাসিনা বেগম বলেন, আলমগীর মুরগীর ব্যবসা করতো। তিনি দ্বিতীয় স্ত্রী নিয়ে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করতো। তাকে পরিকল্পিত ভাবে গরু চুরির অভিযোগে হত্যা করা হয়েছে।
সকালে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫৪০ ঘ.
bdnews24