চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার প্রথম প্রহরে উপজেলার পূর্ব খিলমুগল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পাকিস্তানি বন্দুকসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নুরুন নবী (৪০), জসিম উদ্দিন (২২) ও মাহমুদুল করিম (২৬)। তারা সবাই রাঙ্গুনীয়ার শহীদ নগর এলাকার বাসিন্দা।
র্যাবের লেফটেন্যান্ট কমাণ্ডার নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত।
অভিযানের সময় তাদের চার জনের মধ্যে একজন পালিয়ে যায় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১১৩৩ ঘ.
bdnews24