চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রেল স্টেশনে টিকেট কেনা নিয়ে ক্রেতা ও রেলকর্মীদের মধ্যে হাতাহাতিতে চারজন আহত হয়েছেন।
বুধবার সকালে ওই ঘটনার পর রেলের দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম।
এই দুই রেল কর্মী হলেন- রেলের বেডিং ক্লার্ক জিয়াউর রহমান এবং বুকিং সহকারী আব্দুল আউয়াল।
ঘটনাস্থলে উপস্থিত রেলযাত্রী ও রেল পুলিশের সদস্যরা জানান, সকাল ৯ টায় টিকিট বিক্রি শুরু হলে
বুকিং ক্লার্ক জিয়া ২০টি টিকেট নেওয়ার জন্য এক রেলকর্মীকে কাউন্টারের সামনে লাইনে দাঁড় করিয়ে দিয়ে যান। পিছনের ক্রেতারা এর প্রতিবাদ করলে কথাকাটাকাটি শুরু হয়। এরপর জিয়া কয়েকজন সহকর্মীকে ডেকে আনলে দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি।
পরে রেল পুলিশ ও র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। হাতাহাতিতে আহত হন টিকেট কিনতে আসা রানা, নুরুল ইমরান, আযম, প্রিয়তম নামের চারজন।
পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম কাউন্টারে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং টিকেট ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে দুইজনকে সাময়িক বরখাস্ত করেন।
শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “নিয়ম হলো এক ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। ক্রেতাদের অভিযোগ, জিয়া ২০টি টিকেট কিনেছেন। তবে আমি খোঁজ নিয়ে দেখেছি, তিনি কিনেছেন ৬টি।”
এ কারণে ওই সময় কাউন্টারে থাকা আউয়াল এবং জিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ব্যবস্থাপক জানান।
তবে তিনি দাবি করেন, ক্রেতারাই প্রথমে রেল কর্মীদের মারধর করে। পরিস্থিতি পরে হাতাহাতির রূপ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১১০ ঘ.
bdnews24