২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএনসি-লাভালিনের প্রতিনিধিকে দুদকের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ ওঠার পর আলোচিত কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের প্রতিনিধি জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ ওঠার পর আলোচিত কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের প্রতিনিধি জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ নূর আলম চৌধুরী লিটনের ভাই নিক্সন চৌধুরীকে এর আগে জিজ্ঞাসাবাদ করে দুদক। গত বছর সেপ্টেম্বরে কানাডা কর্তৃপক্ষ ‘দুর্নীতির’ বিষয়টি বিশ্ব ব্যাংকের নজরে আনলে তারা পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে। এর নয় মাস পর গত শুক্রবার তারা প্রকল্পে অর্থায়ন বাতিল করে। বিশ্ব ব্যাংক বলছে, দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ তারা পেয়েছে; যদিও সরকার বলেছে, এই প্রকল্পে দুর্নীতি হয়নি। বিশ্ব ব্যাংক অভিযোগ তোলার পর দুর্নীতি দমন কমিশন এর তদন্ত শুরু করে। এক দফা তদন্তের পর গত ফেব্রুয়ারি দুদক জানায়, মূল সেতু নির্মাণে প্রাকযোগ্য প্রতিষ্ঠান নির্বাচনে কোনো রকম দুর্নীতি হয়নি। তবে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত এখনো চলছে। কাজ পেতে ঘুষ সাধার অভিযোগে বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের দুই সাবেক কর্মকর্তা ইতোমধ্যে কানাডায় বিচারের মুখে রয়েছেন। কানাডা পুলিশ গত ফেব্রুয়ারিতে সে দেশে এসএনসি-লাভালিন কর্যালয়ের অভিযান চালিয়ে কোম্পানির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের ভাইস প্রেসিডেন্ট রমেশ এবং পরিচালক ইসমাইলকে গ্রেপ্তার করে। বিদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়া বা সাধার অভিযোগে ‘করাপশন অব ফরেন অফিশিয়াল’ আইনের আওতায় তাদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়। রফিকুল আমীনকে জিজ্ঞাসাবাদ সোমবার জিয়াউল হক ছাড়াও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীনকে দুদকের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব বলেন, ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই সব বিষয়ই রফিকুল আমীনের কাছে জানতে চাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/এমআই/২১২৫ ঘ.