২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজধানীর তেজগাঁও হাতিরঝিল প্রকল্পের পানিতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 01:06 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও হাতিরঝিল প্রকল্পের পানিতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হল- বৃষ্টি (৬) ও বৈশাখী (৭)। দুজনই তেজগাঁও বেগুনবাড়ির একটি এনজিও স্কুলে প্রথম শ্রেণীতে পড়তো। বৃষ্টির ভাই সাদ্দাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুরে স্কুল থেকে বেগুন বাড়ি ১২ নম্বর গলির বাসায় ফেরার পথে হাতিরঝিলের পাড়ে তাদের বই রেখে ঝিলে গোসল করতে নামলে তারা ডুবে যায়। “আশেপাশের লোকজন তাদেরকে ডুবে যেতে দেখলে দ্রুত পানির নিচ থেকে উঠিয়ে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক জানান, দুজনই মারা গেছে।” বৃষ্টির বাবার নাম মো. আহসান, গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরিপুরে। আর বৈশাখীর বাবার নাম আবু সাইদ, গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডায়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বজনরা চাইলে ময়নাতদন্ত ছাড়া থানার অনুমতি নিয়ে লাশ নিয়ে যেতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯০৩ ঘ.