২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ সহায়তা দ্রুত পৌঁছানোর তাগিদ মন্ত্রীর

চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় পাহাড় ধস ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুর্গতদের মাঝে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় পাহাড় ধস ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুর্গতদের মাঝে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। একইসঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর বন্যা পরিস্থিতিও গভীরভাবে পর্যবেক্ষণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় আব্দুর রাজ্জাক বলেন, “সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। এজন্য দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছানোকে অগ্রাধিকার দিতে হবে।” সভায় জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটে রোববার পর্যন্ত ১২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ আরো একটি লাশ উদ্ধার হয়েছে সিলেটে। গত ২৪ ঘণ্টায় উদ্ধার করা এ লাশটি নিয়ে সিলেটে লাশ উদ্ধার হলো তিনটি। এছাড়া আগেই চট্টগ্রামে ৩৫টি, কক্সবাজারে ৪৭টি ও বান্দরবানে ৩৭টি মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব এম আসলাম আলম রোববার কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি সরেজমিনে দেখেন। সভায় আরো জানানো হয়, অতি বর্ষণ, পাহাড়ী ঢল ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন জেলায় এ পর্যন্ত দুই কোটি ৬৫ লাখ টাকা ও সাত হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকির, সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি)’র জাতীয় প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ূমসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৪৯ ঘ.