ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জ ও পিরোজপুরে আরো দুটি মানহানির মামলা হয়েছে।
রোববার গোপালগঞ্জ বিচারিক হাকিম আদালতে এবং পিরোজপুর জ্যেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে মামলা দুটি হয়।
একই অভিযোগে মাহফুজুরের বিরুদ্ধে ঢাকা, কুমিল্লা, কক্সবাজার, সিলেটে, নড়াইল ও দিনাজপুরে ছয়টি মামলা হয়। এর মধ্যে নড়াইল ও দিনাজপুরে করা দুটি মামলায় তাকে তলব করেছে আদালত।
তবে ঢাকায় যুবলীগ নেতার করা মামলা অসুস্থতার কথা বলে বাদী বৃহস্পতিবার প্রত্যাহার করে নেন।
গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এটিএন বাংলা চেয়ারম্যান।
এক পর্যায়ে তিনি সাংবাদিক দম্পতিকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন। ওই মন্তব্যের পর সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও মাহফুজুরকে গ্রেপ্তারের দাবি ওঠে।
এর মধ্যেই একুশে টেলিভিশনে প্রচারিত নতুন আরেকটি ভিডিওতে মাহফুজুরকে বলতে দেখা যায়, “আরে, প্রাইম মিনিস্টার কত না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।”
তার এই বক্তব্যকে কেন্দ্র করেই বুধবার থেকে রোববার পর্যন্ত সাতটি মামলা হল।
এক হাজার কোটি টাকা মানহানির অভিযোগে গোপালগঞ্জের মামলাটি করেছেন জেলা বারের আইনজীবী মো. রবিউল আলম। হাকিম আবু সাঈদ মামলাটি গ্রহণ করলেও তাৎক্ষণিক কোনো আদেশ দেননি।
মামলায় বাদি উল্লেখ করেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ও বিদেশে চরমভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান তাকে বাচাল আখ্যায়িত করেছেন।”
এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলাবারের সভাপতি মো. আতিয়ার রহমান মুন্সি, সাধারণ সম্পাদক মো. অজগার আলী খান ও সাবেক সভাপতি ইদ্রিস আলী মোল্লাকে সাক্ষী করা হয়েছে।
পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ।
মামলায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করে মাহফুজুর রহমান ১৬ কোটি মানুষকে অপমাণিত করেছেন এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়েছেন।”
বিচারক চৌধুরী মাহাবুবুর রহমান অভিযোগটি আমলে নিয়ে পিরোজপুর সদরের সহকারী পুলিশ সুপারকে (এএসপি সার্কেল) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/আরএ/১৭১১ ঘ.
bdnews24