২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের অবস্থা অপরিবর্তিত

নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ২৪ ঘণ্টা আগে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে তাকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউইয়র্ক, ৩০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ২৪ ঘণ্টা আগে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে তাকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। হাসপাতালে অবস্থানরত অন্য প্রকাশের স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গত ১২ জুন অস্ত্রোপচারের পর ১৯ জুন বাসায় ফেরেন হুমায়ূন। বাসায় ফেরার একদিনের মাথায় পেটে ব্যাথার মাত্রা বেড়ে যায়। অবস্থা এমনই দাঁড়ায় তিনি স্ত্রী শাওনসহ পরিবারের কাউকেই চিনতে পারছিলেন না।” ওই সময় ব্যাথায় কাতরাতে শুরু করলে হুমায়ূন আহমেদকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের উদ্ধৃত করে অন্য প্রকাশের মাজহারুল বলেন, তার অস্ত্রোপচারের স্থলে ইনফেকশন হয়েছে। এরপরই তাকে বেলভ্যু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. শাহ এবং ডা. রীনার সহায়তায় সার্জন ডা. মোর আবার লেখকের অস্ত্রোপচার করেন। সেই থেকে আইসিইউতে রয়েছেন হুমায়ূন। তবে গত ২৮ জুন শ্বাসকষ্টে আক্রান্ত হলে তার মধ্যে ফের অস্থিরতা দেখা দেয়। প্রবাসী লেখক গাজী কাশেম বলেন, “ওই দিন হঠাৎ করেই লেখক প্রচণ্ড অস্থির হয়ে ওঠেন। এ সময় বলতে থাকেন- কুসুম (শাওনের আরেক নাম) ওরা আমাকে মেরে ফেলবে, এখান থেকে তুমি আমাকে বাসায় নিয়ে যাও। চিৎকারের সঙ্গে ব্যান্ডেজও খুলে ফেলছিলেন তিনি। এ অবস্থায় তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে।” শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মাজহারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৪ ঘণ্টা আগে তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে স্বামীর আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। ক্যান্সারের চিকিৎসার জন্যে গত বছরের ১৪ সেপ্টেম্বর হুমায়ূন নিউ ইয়র্কে আসেন। স্ত্রী মেহের আফরোজ শাওনসহ সন্তানদের নিয়ে কুইন্সে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছেন তিনি। অস্ত্রোপচারের আগে পরিবার-আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গত মাসে দুই সপ্তাহের জন্য দেশে আসেন হুমায়ূন। অস্ত্রোপচারের আগে ম্যানহাটানের বিশ্ববিখ্যাত ¯েœায়ান মেমোরিয়্যাল ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে ১২টি কেমোথেরাপি দেওয়া হয় তাকে। এরই মধ্যে জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপদেষ্টা হিসেবে এই লেখককে নিয়োগ দেয় সরকার। ১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি। টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২২১৪ ঘ.