চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বর্তমান সরকারের নীতি ব্যবসাবান্ধব।
শনিবার দুপুরে তিনি চট্টগ্রাম কাস্টম হাউসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, এ সরকার তার নির্বাচনী ইশতেহারে ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গীকে অধিক গুরুত্ব দিয়েছে। এর সরকারের সাড়ে ৩ বছর সময়কালে দেশে বাণিজ্য ভালোভাবে এগিয়েছে।
গওহর রিজভী চট্টগ্রাম কাস্টম হাউসে মার্চেন্ট ওভারটাইম (এমওটি) পদ্ধতি চালু এবং এ বিষয়ে এফবিসিসিআই’র সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কাজ ২৪ ঘণ্টা সচল রাখার দাবি জানিয়ে আসছিলেন। এ সংক্রান্ত একটি ‘কেস স্টাডি’ করে জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যবসায়ীরা আলোচনা করে প্রথম পর্যায়ে ২৪ ঘণ্টার পরিবর্তে ষোল ঘণ্টা কাস্টম হাউজ খোলা রাখার সিদ্ধান্ত নেন।
চট্টগ্রাম বন্দরের সিঙ্গাপুর ও মুম্বাই বন্দরের সমপর্যায়ে যাওয়ার সম্ভাবনা তুলে ধরে গওহর রিজভী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল, ভুটানসহ পাশের দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়লে এ প্রক্রিয়ায় বন্দরের ফ্যাসিলিটিজও বাড়বে।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার ড. মারুফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।
অন্যান্যের মধ্যে রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক) মো. নাসির উদ্দিন, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. মতিউর রহমান বক্তব্য রাখেন।
মার্চেন্ট ওভারটাইম (এমওটি) পদ্ধতিতে কাস্টমস হাউসের দাপ্তরিক সময়ের বাইরে ব্যবসায়ীদের সুবিধার্থে শুল্কায়ন কার্যক্রম অব্যাহত রাখতে এফবিসিসিআই এর সঙ্গে রাজস্ব বোর্ডের চুক্তি হয়।
এ চুক্তির আওতায় ব্যবসায়ীরা প্রতিটি আমদানি-রপ্তানি চালান শুল্কায়ন বাবদ অতিরিক্ত ১০০ টাকা করে প্রদান করবেন। এই টাকা আলাদা একটি তহবিলে যোগ হবে।
নির্ধারিত সময়ের বাইরে যেসব কর্মকর্তা-কর্মচারী শুল্কায়ন কার্যক্রমে জড়িত থাকবেন তাদের এ তহবিল থেকে ভাতা দেয়া হবে।
এ অনুষ্ঠানের পরে অনলাইনে শুল্ক-কর পরিশোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টম কর্মকর্তা কানন কুমার রায়, ট্যাক্স একাডেমি’র ব্যবস্থাপনা পরিচালক মেফতা উদ্দিন খান ও চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮২৫ ঘ.
bdnews24