চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পাহাড়ধসে নিহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার খুলশীর আকবর শাহ মাজার এলাকায় নিহত ১৮ জনের পরিবারকে ২৫ হাজার টাকার চেক তুলে দেন বিএনপি চেয়ারপারসন।
প্রবণ বর্ষণে গত মঙ্গলবার পাহাড় ধসে আকবর শাহ মাজার এলাকায় নিহত হন সাতজন। আরো পাঁচটি স্থানে পাহাড় ধসে নিহত হন ১৭ জন।
সড়ক পথে সকালে ঢাকা থেকে রওনা হয়ে বেলা পৌনে ৩টায় চট্টগ্রাম পৌঁছান খালেদা। আকবর শাহ মাজার এলাকায় তাকে পৌঁছালে তাকে স্বাগত জানান দলের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান, এম মোরশেদ খান, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, জেলা নেতা শাহাদাত হোসেন।
আকবর শাহ এলাকার পর লালখান বাজারের মতিঝর্না ও শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্সেও খালেদা জিয়া ত্রাণ বিতরণ করবেন বলে জানান তার প্রেসসচিব মারুফ কামাল খান।
সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে চট্টগ্রামে যাওয়ার পথে দুপুরে আধা ঘণ্টা নিজের এলাকা ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করেন খালেদা।
ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগান ও করতালি দিয়ে শুভেচ্ছা জানান বিরোধী নেতাকে।
মারুফ কামাল জানান, রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে থাকবেন বিএনপি চেয়ারপারসন। রোববার তিনি নিজ নির্বাচনী এলাকা ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বন্যা কবলিত মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এরপর রাতে ঢাকায় ফিরবেন তিনি।
এই সফরে খালেদার সঙ্গে রয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, সহসভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমসি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24