ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি রাষ্ট্রদূতকে টেলিফোনে মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার আ ন ম আব্দুর রশিদ (৫৬) সৌদি দূতাবাসেই এক সময় কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাতে রাজধানীর বনশ্রী এলাকার এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকমকে জানান, গত ২০ জুন সন্ধ্যায় রশিদ সৌদি রাষ্ট্রদূত ও উপ-রাষ্ট্রদূতকে হুমকি দেন।
সৌদি দূতাবাসের আইন বিষয়ক উপদেষ্টা মো. জসিম উদ্দিন এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (ডিজি) করেন। এরপর পুলিশ পদক্ষেপ নেয়।
রশিদ এক সময় দূতাবাসে বাজ করলেও এখন বেকার বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদুর।
রশিদ পুলিশ হেফাজতে সাংবাদিকদের বলেন, তিনি গত ১৫ বছর সৌদি দূতাবাসে অনুবাদক হিসেবে কাজ করেন। তাকে গত ২১ মে তাকে ‘অন্যায়ভাবে’ চাকরিচ্যুত করা হয়।
এজন্য রাগের বশবর্তী হয়ে ওই মেসেজ পাঠান বলে জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, হুমকি দিয়ে মেসেজ পাঠানোর পেছনে অন্য কিছু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২৩৫ ঘ.
bdnews24