ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী গবেষক ডা. আব্বাস ভূঁইয়াকে ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক করা হয়েছে।
আইসিডিডিআর,বি’র ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, আগামী নভেম্বর মাসে নতুন নির্বাহী পরিচালক নিযুক্ত হওয়া পর্যন্ত এ দায়িত্বে থাকবেন আব্বাস ভূঁইয়া।
১৯৮০ সাল থেকে আইসিডিডিআর,বিতে কাজ করছেন ডা. ভূঁইয়া। দুই বছর আগে উপ নির্বাহী পরিচালক নিযুক্ত হন তিনি।
গত মাসে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক মেক্সিকোর নাগরিক ডা. আলেহান্দ্রো ক্রাভিওতো চুক্তির এক মাস বাকি থাকতেই ‘সমঝোতার ভিত্তিতে’ চাকরি ছাড়েন। ১৮ জুন পরিচালনা বোর্ডে সর্বসম্মতভাবে এটি অনুমোদন করা হয়, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।
গত বছরের জুলাই মাস থেকে সরকারের পর্যবেক্ষণে ছিলেন ক্রাভিওতো। স্বাস্থ্য মন্ত্রণালয় তার বিরুদ্ধে কেন্দ্রের বর্ধিতকরণের কাজে সরকারি টাকার অপব্যবহারের অভিযোগ আনলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়।
বিবৃতিতে জানানো হয়, ডা. ভূঁইয়া আইসিডিডিআর,বির উন্নয়নে ‘উল্লেখযোগ্য ভূমিকা’ রেখেছেন। ১৯৯৪ সালে চকোরিয়ায় এ কেন্দ্রের তৃণমূল প্রকল্প প্রতিষ্ঠা করেন।
ডা. আব্বাস ভূঁইয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। এছাড়া আন্তর্জাতিক গবেষণা উদ্যোগ ‘গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালেরিয়ার (জিএফএটিএম) আবাসিক সমন্বয়ক তিনি।
এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সায়েন্টিফিক রিসোর্স গ্র“প অন ইকুইটি অ্যানালাইসিস অ্যান্ড রিসার্চ এবং মালয়েশিয়াভিত্তিক সায়েন্টেফিক অ্যাডভাইজরি গ্র“প অব সাউথইস্ট এশিয়া কমিউনিটি অবজারভেটরির (সিকো) সদস্য তিনি।
জেনেভায় কমিশন অন হেলথ রিসার্চ ফর ডেভেলপমেন্টের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এশিয়ান পপুলেশন অ্যাসোসিয়েশনের সায়েন্টিফিক কমিটি অন পোভার্টি অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও তিনি।
ডায়রিয়া, কলেরা প্রভৃতি রোগ নিয়ে গবেষণা করার জন্য উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একমাত্র প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র। ১৯৭৮ সালে ঢাকা মহাখালীতে এটি প্রতিষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/এসইউ/১৬২২ ঘ.
bdnews24