ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা নকল- এমন অজুহাত দেখিয়ে এক গরু ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর গাবতলীতে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক পুলিশ সদস্য।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সজল দত্ত রায় (৪০) গাবতলী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপরে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।
মামলা বাদী গরু ব্যবসায়ী হালিম এজাহারে বলেছেন, বৃহস্পতিবার রাতে তল্লাশী করার কথা বলে সজল তার কাছে থাকা টাকা দেখে এবং ওই টাকা ‘নকল’ বলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় তিনি চিৎকার করলে আশে পাশের লোকজন এসে সজলকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে সজলকে গ্রেপ্তার করে।
সজল ওই সময় পোশাকে ছিলেন না বলে এসআই নুরুন্নবী জানান।
সজলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৫৪০ ঘ.
bdnews24