২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন এলাকা প্লাবিত, লাখো মানুষ পানিবন্দি

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বেশিরভাগ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার লাখ লাখ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বেশিরভাগ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার লাখ লাখ মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা এবং মেঘনা নদীর পানি বৃদ্ধি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে। নদ-নদীগুলোর ৭৩টি পয়েন্টের মধ্যে ৩৭টি পয়েন্টে পানি বেড়েছে, কমেছে ৩২টিতে। ১০টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করছে পূর্বাভাস কেন্দ্র। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র, বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা এবং গাইবান্ধায় ঘাগট নদীতে পানি যথাক্রমে বিপদসীমার ৫, ৪৩ ও ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ১৫৩, ৬৮ ও ৬৬ সেন্টেমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অমলসিদ, শেওলা ও শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১৯৯, ৯৭ ও ১৪ সেন্টিমিটার উপর দিয়ে। কংশ নদীর জারিজানজাইল পয়েন্টে পানি ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর। বগুড়া: যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বগুড়ার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশের ১২টি গ্রামের দু’শতাধিক বাড়িঘর তলিয়ে গেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, অব্যাহত পানি বৃদ্ধিতে শহড়াবাড়ী ঘাট ও আশপাশের এলাকায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ভাঙ্গন প্রতিরোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্যায় নদীতীরবর্তী শহরাবাড়ী, শিমুলবাড়ী, কৈয়াগাড়ী, কচুগাড়ী, বানিয়াজান, নিউ সারিয়াকান্দি, বড়ইতলী, ভূতবাড়ী, রঘুনাথপুর, রাঁধানগর, পুকুরিয়া গ্রামের শতাধিক বাড়িঘরে পানি প্রবেশ করেছে। তাছাড়া যমুনার পূর্বপাশের বৈশাখী চরে বসবাসকারী শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। গাইবান্ধা: ব্রহ্মপুত্র, যমুনা, ঘাগট, করতোয়া ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৮০টি গ্রামের ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। নদী ভাঙ্গনে দেড় হাজার পরিবার গৃহহারা হয়েছে বলে জানিয়েছে ত্রাণ কর্মকর্তারা। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশাফুদ্দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ব্রহ্মপুত্র নদের পানি ১৫ সেমি, যমুনা নদীর পানি বিপদসীমার ১৫ সেমি এবং ঘাগট নদীর পানি ছয় সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাাবিত হয়েছে এবং কয়েকটি এলাকা নদীতে বিলিন হয়ে গেছে। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার পানিবন্দি পরিবারগুলোর জন্য সুন্দরগঞ্জ উপজেলায় ৩০ মেট্রিক টন চাল ও নগদ এক লাখ টাকা, ফুলছড়ি উপজেলায় ৫০ মেট্রিক টন চাল ও নগদ ৫০ হাজার টাকা, সাঘাটা উপজেলায় ৩০ মেট্রিক টন চাল ও সদর উপজেলায় ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কুড়িগ্রাম: ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সব ক’টি নদীর পানি বাড়ছে। পলে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুড়িগ্রাম সদর, চিলমারী, ফুলবাড়ী, নাগেশ্বরী, রৌমারী, রাজীবপুর, রাজারহাট ও উলিপুর উপজেলার দুই শতাধিক চর, দ্বীপচর ও নদী সংলগ্ন গ্রাম প্লাবিত হয়েছে। সাহেবের আলগা, বেগমগঞ্জ, নুনখাওয়া, অষ্টমীর চর, নয়ারহাট ও চিলমারীসহ কয়েকটি ইউনিয়নের প্রায় পুরো এলাকাই তলিয়ে গেছে পানিতে। ব্রহ্মপুত্রের ভাঙনে চিলমারী-রমনা সড়কের প্রায় ১০০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। জলমগ্ন হওয়ায় বন্ধ হয়ে গেছে প্রায় দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্যার্তদের সহায়তার জন্য ৫০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ চেয়ে ঢাকায় বার্তা পাঠানো হয়েছে। সিলেট: সুরমা কুশিয়ারার উজানে পানি কমায় সিলেটের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অন্যান্য এলাকায় পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় সিলেট শহরের ১৫টি এলাকায় মানুষের ভোগান্তি অব্যাহত রয়েছে। নগরীর উপশহর, তেররতন, মেন্দিবাগ, সোবহানীঘাট, চালিবন্দর, ছড়ারপাড়, যতরপুর, মাছিমপুর, কুশিঘাট, ঘাসিটুলা, কলাপাড়া, নবাবরোড এলাকায় বাড়ির ভেতরও বন্যার পানি প্রবেশ পড়েছে। সিলেট-গোয়াইনঘাট, সিলেট-কানাইঘাট সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নিহার রঞ্জন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১৫৫ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে বিপদসীমার ২০৩ সেন্টিমিটার ও বিয়ানীবাজারে শেওলা পয়েন্টে ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া সারি, পিয়াইন ও ধলাই নদীর পানিও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি। সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রফিুকল ইসলাম জানিয়েছেন, বিয়ানীবাজার ও জকিগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। অপরিবর্তিত রয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি। তবে গত দুদিন বৃষ্টি না হওয়ায় গোয়াইনঘাট ও জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় বন্যার পানি কমেছে। সিলেটের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রফিুকল ইসলাম বলেন, বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে তিন লাখেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬ হাজার ৯১০টি পরিবার। ৭ হাজার ৭০ হেক্টর আউশ ফসলের মাঠ পানির নিচে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে দুর্গত এলাকায় ৩১৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নগদ বরাদ্ধ দেওয়া হয়েছে ১০ লাখ টাকা। বন্যাদুর্গত এলাকায় ৫৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো চিড়া ও বিস্কুট বিতরণ করা হয়েছে বলে রফিকুল জানান। কক্সবাজার: প্রবল বর্ষণে কক্সাজারের মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে কক্সবাজারের সাতটি উপজেলার ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ২১টি ইউনিয়নকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় দুই দিনে পাহাড় ধস, মাটির ঘরের দেয়াল চাপা, পানিতে ডুবে ও বজ্রপাতে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার সাতটি উপজেলার ৫২টি ইউনিয়নের মানুষ পাহাড়ী ঢল, অতিবৃষ্টি ও সাগরের লোনা জলে ভাসছে। এর মধ্যে ২১টি ইউনিয়নকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। জেলা প্রশাসক জানান, মারাত্মক ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোতে জরুরি ত্রাণ হিসেবে ২১ লাখ টাকা, ৩৯ মেট্রিক টন চাল, ৪২ বস্তা চিড়া ও ৫০০ কেজি গুড় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ: যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধের হার্ডপয়েন্ট যে কোন মুহূর্তে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে হার্ডপয়েন্টের সি এলাকার ২০ মিটার থেকে ৮০ মিটার পর্যন্ত ৬০ মিটার এলাকা বিপদজনক অবস্থায় থাকায় ধসরোধে মাটি ভর্তি বস্তা এবং সিসি ব¬ক ফেলা হলেও সুফল মিলছে না। পানি উন্নয়ন বোর্ডের (বিআরই) শাখার নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান সরদার বলেন, প্রথম ধাপের ড্রেজিং শেষ হলেও নদীর গতিপথ পরিবর্তন না করে এর পানি সরাসরি হার্ডপয়েন্টে আঘাত করছে। হার্ড পয়েন্ট থেকে ৮০ ফুট দূরে নদীতে প্রচণ্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে গভীরতা বাড়ছে। এদিকে বান্দরবানে বুধবার থেকে বর্ষণ কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বান্দরবান-কেরানীহাট এবং লামা ও নাইক্ষ্যংছড়ি সড়কে বৃহস্পতিবার দুপুর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে জেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা কমেনি। লামা পৌরসভার পরিদর্শক তানফিজুর রহমান জানিয়েছেন, পৌর এলাকার লামা বাজার ও আশেপাশের এলাকা থেকে পানি নেমে গেলেও নয়াপাড়াসহ আশেপাশের নিম্নাঞ্চল এখনও পানিতে তলিয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২১২৯ ঘ.