২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ার ক্ষতিগ্রস্তদের কর্মসূচি অব্যাহত

শতভাগ ক্ষতিপূরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

দিনাজপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতভাগ ক্ষতিপূরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ক্ষতিগ্রস্তদের সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা প্রশাসনের কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্তদের জন্য কয়েক কোটি টাকার চেক নিয়ে বড়পুকুরিয়ায় আসেন। কিন্তু আমরা প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছি শতভাগ ক্ষতিপূরণের টাকা না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।” অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হামিদুল হক সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকের পক্ষে তিনিসহ পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটির’ নেতাদের সঙ্গে বৈঠকে প্রায় ২৪ কোটি টাকার চেক দেওয়ার প্রস্তাব দেন। একই সময় অবশিষ্ট টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু তারা চেক গ্রহণ না করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হামিদুল হক জানান, জমি, অবকাঠামো ও শস্য বাবদ আজ ৯৬৫টি চেকের বিপরীতে ২৩ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার ৫২৩ টাকা হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮০ একর জমি নিয়ে ক্ষতিগ্রস্তদের পরস্পরের মধ্যে মামলা-আপত্তি রয়েছে। এগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেক দেওয়া সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৩১ ঘ.