২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকভাবে ১২ খামারে বার্ড ফ্লুর টিকা

বিশেষজ্ঞদের আপত্তির মধ্যেই মুরগিকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর টিকা দেওয়া শুরু করতে যাচ্ছে সরকার। জানাচ্ছেন মহসীনুল করিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষজ্ঞদের আপত্তির মধ্যেই মুরগিকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর টিকা দেওয়া শুরু করতে যাচ্ছে সরকার। খামারশিল্প রক্ষায় জাতীয় উপদেষ্টা কমিটি এবং কারিগরি কমিটি পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার সুপরিশ করেছে। এ জন্য প্রাথমিকভাবে ‘আফতাব পোল্ট্রি’ ও ‘প্যারাগন পোল্ট্রি’ নামে দেশের দু’টি বড় মুরগি ও ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। এ দু’টি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত ১২টি খামারে টিকা দেওয়া হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিন দেশের টিকা উৎপাদনকারী তিনটি প্রতিষ্ঠান এক বছরের জন্য এ কার্যক্রম চালাতে বিনামূল্যেই এ টিকা সরবরাহ করবে। প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস গত ৩ জুন বার্ড ফ্লু প্রতিরোধে মুরগিকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানানোর পর খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা বলেছিলেন, ‘অকার্যকর’ এ ব্যবস্থায় উল্টো মানুষে সংক্রমণের ঝুঁকি বাড়বে। তারা বলছেন, এ ধরনের প্রতিষেধক কিছু সময়ের জন্য মুরগির রোগ ঠেকাতে পারে। কিন্তু ‘নীরবে আক্রান্ত’ মুরগি থেকে মানুষের দেহে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় উপদেষ্টা কমিটি এবং কারিগরি কমিটির সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরুর প্রস্তুতি শুরু হয়েছে। শীঘ্রই মন্ত্রিসভায়ও বিষয়টি আলোচনার জন্য তোলা হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত পেলে প্রাণিসম্পদ অধিদপ্তরকে কার্যক্রম শুরু করতে চিঠি দেবে মন্ত্রণালয়। এজন্য অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে প্রস্তাবও এসেছে। মন্ত্রী বলেন, আমাদের চাহিদা অনুযায়ী টিকা উৎপাদনকারী এসব প্রতিষ্ঠান বিনামূল্যে সরবরাহ করবে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর টিকা সরবরাহে অধিদপ্তর থেকে ওইসব উৎপাদনকারী প্রতিষ্ঠানকে চাহিদাপত্র পাঠানো হবে। তারা টিকা সরবরাহ করলে আগামী জুলাই মাসেই পরীক্ষামূলক টিকা কার্যক্রম শুরু হতে পারে। তিনি জানান, বার্ড ফ্লু মোকাবেলায় নিধন করা মুরগির জন্য গত বছর দেশে প্রায় ২৭ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকেই ব্যয় হয়েছে সাড়ে ১৩ কোটি টাকা। বাকি সাড়ে ১৩ কোটি টাকা দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. মঞ্জুর মোর্শেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খামারশিল্প রক্ষায় সীমিত ্আকারে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার কার্যক্রম শুরুর উদ্যোগ ইতিবাচক। কারণ সরকার গত কয়েক বছর ধরে বিভিন্ন কার্যক্রম চালিয়েও এ রোগটি নিয়ন্ত্রণ করতে পারেনি। তিনি বলেন, সীমিত আকারে পরীক্ষামূলক এ কার্যক্রমে কোনো নেতিবাচক ফলাফল এলে সরকার দ্রুত এ থেকে বেরিয়ে আসতে পারবে। এতে তেমন ক্ষতি হবে না। আর সফল হলে দেশের খামারশিল্পকে এর কুফল থেকে রক্ষা করা সম্ভব হবে। বাংলাদেশ পোল্ট্রি-খামার রক্ষা জাতীয় পরিষদের মহাসচিব মোহাম্মদ মহসীন অবশ্য এ কার্যক্রম শুরুর ক্ষেত্রে আরো পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ বিষয়ে আমরা সরকারকে বলেছি। সরকার কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণা করে আমাদের দেশের খামারশিল্পে আক্রমণকারী রোগগুলো সম্পর্কে নিশ্চিত হয়ে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করতে পারে। তবে সরকার আমাদের অন্ধকারে রেখে তড়িঘড়ি করে কার্যক্রমটি শুরু করতে যাচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে গাজীপুর ও কিশোরগঞ্জ এলাকায় এ কার্যক্রম শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। মুরগি ও ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যারাগন পোল্ট্রি খামার ও আফতাব বহুমুখী পোল্ট্রি খামারের উৎপাদিত মুরগির ওপর প্রাথমিকভাবে এ টিকা প্রয়োগ করা হবে। এতে বার্ড ফ্লু নিয়ন্ত্রণে সফলতা আসলে পরবর্তীতে দেশের প্রত্যেকটি উৎপাদনকারী হাঁস-মুরগির খামারে এ টিকা প্রয়োগ করা হবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিনটি দেশের তিনটি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান এসব টিকা সরবরাহ করবে। এরমধ্যে চীন থেকে মেরিয়াল, নেদারল্যান্ড থেকে ইন্টারভেট এবং যুক্তরাষ্ট্র থেকে ভেক্টর সিইভিএ টিকা আসবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এসব টিকা দেবেন। এজন্য প্রশিক্ষণ, যন্ত্রপাতি ও রাসায়নিক সামগ্রী কেনা; যানবাহন ভাড়া এবং দৈনিক ও যাতায়াত ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি ২০ লাখ টাকা। গত বছর বাংলাদেশে ১৭১টি সংক্রামণের ঘটনা ঘটেছে। এ বছর বার্ড ফ্লুর ২১টি সংক্রামণের খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৩৩০ ঘ.