ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ঢাকার ২০১২-১৩ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের আদালত প্রতিবেদক আশরাফ উল আলম।
সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক যুগান্তরের আদালত প্রতিবেদক আনোয়ারুল কবীর বাবুল।
সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের আদালত প্রতিবেদক সামিউল করিম আলমগীর ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সকালের খবরের আদালত প্রতিবেদক মাহবুবুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন।
বৃহস্পতিবার ঢাকা জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচ তলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বেলা ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
এছাড়া সহ সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক পদে প্রথম আলোর প্রশান্ত কর্মকার, কোষাধ্যক্ষ পদে দৈনিক সংগ্রামের রায়হান মোর্শেদ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে দৈনিক নিউ নেশনের মনিরুজ্জামান হাওলাদার, সদস্য পদে ডেইলি স্টারের চৈতন্য চন্দ্র হালদার, দৈনিক ডেসটিনির মশিহুর রহমান ও দৈনিক আমার দেশের বেলাল হোসেন জসিম মনোনীত হয়েছেন। এ পদগুলোতে কোনো নির্বাচন হয়নি।
২০১২-২০১৩ সালের কার্যকরী কমিটির নির্বাচন পরিচালনা করেন তিনজন নির্বাচন কমিশনার। তারা হলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও এ এফ এম রেজাউল করিম হিরন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৮৫৫ ঘ.
bdnews24