ঢাকা বিশ্ববিদ্যালয়, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভাগের এক শিক্ষার্থীর হত্যাকারী স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌনমিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা।
শুক্রবার সাতক্ষীরা খানপুরে মাশহুদা সুলতানাকে শ্বাসরোধ করে হত্যা করে একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বামী আব্দুল কুদ্দুস। পরে থানায় গিয়ে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
কুদ্দুসের শাস্তি দাবিতে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবনের সামনে থেকে ওই মৌন মিছিল বের হয়। শেষ হয় অপরাজেয় বাংলার পাদদেশে। সেখানে মানববন্ধন করেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
মানববন্ধনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক অহিদুজ্জামান এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন। সেইসঙ্গে ঘাতক স্বামী কুদ্দুসকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারেরও দাবি জানান তিনি।
মাশহুদার সহপাঠী আদনান সুমি দুঃখ প্রকাশ করে বলেন, এভাবে আর কোন মেয়েকে যেন তার স্বপ্ন পূরনের আগেই চলে যেতে না হয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ঘাতক স্বামীকে অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।
আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া। তাই যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করা হোক।
কর্মসূচিতে আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক শাহনাজ হুদা, অধ্যাপক নাইমা হক ছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকরাও অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৯০০ ঘ.
bdnews24