২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাত থেকেই চট্টগ্রাম পর্যন্ত ট্রেন যাবে

ভাটিয়ারিতে ক্ষতিগ্রস্ত রেলসেতুর দুটি ট্র্যাকের একটি সচল হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে যাত্রীবাহী ট্রেন চালু হলেও মালবাহী ট্রেন চলাচল আপাতত হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ক্ষতিগ্রস্ত রেলসেতুর দুটি ট্র্যাকের মধ্যে একটি সচল হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে যাত্রীবাহী ট্রেন চট্টগ্রাম পর্যন্ত যাবে। যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি ট্র্যাক সচল হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে চট্টগ্রাম পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। তবে মালবাহী ট্রেন চলাচল বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে ভাটিয়ারির কাছে মঙ্গলবার সন্ধ্যায় একটি রেল সেতু ক্ষতিগ্রস্ত হলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই সময়ে ট্রেন সীতাকুণ্ড পর্যন্ত যাচ্ছিল। এরপর বিকল্প ব্যবস্থায় যাত্রীদের চট্টগ্রাম নগরীতে যেতে হচ্ছিল। গত দুদিন বাংলাদেশ রেলওয়ে সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষতিগ্রস্ত রেলসেতুর দুটি ট্র্যাকের একটি সচল করার পর যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিগ্রস্ত অন্য ট্র্যাকটি মেরামত হতে ১৫ দিন সময় লাগবে। মেরামতকালে মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৯০২ ঘ.