ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ, পাহাড়ি ঢল, ধস ও বজ্রপাতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটে গত দুদিনে ৯৪ জন নিহত হয়েছে।
এর মধ্যে চট্টগ্রামে ২২ জন, কক্সবাজারে ৩৭ জন, বান্দরবানে ৩৩ জন এবং সিলেটে দুজনের মৃত্যু হয়েছে।
গত কয়েকদিনের পর মঙ্গলবার দিনভর বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধস হয়। অন্যদিকে পাহাড়ি ঢলে প্লাবিত হয় সিলেটের বিস্তীর্ণ এলাকা।
প্রাকৃতিক দুর্যোগে ৯৪ জনের মৃত্যুর তথ্য জানিয়ে বুধবার জাতীয় সংসদে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বিবৃতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব আসলাম আলম সাংবাদিকদের বলেছেন, দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।
মন্ত্রণালয়েএক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া অতি বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এক কোটি টাকা এবং ১ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
স্থানীয় প্রশাসনকে প্রয়োজনে জরুরিভাবে খাদ্য কিনে পরিস্থিতি সামাল দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সচিব জানান।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে ২ হাজার ৪১৩ জন মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। তাদের ১৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে।
কোথায় কত বরাদ্দ
বরাদ্দ দেওয়া নগদ টাকা ও চালের মধ্যে চট্টগ্রামে ২০ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল, কক্সবাজারে ৩০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, বান্দরবানে ১০ লাখ টাকা, সিলেটে ১০ লাখ টাকা ও ২৫০ মেট্রিক টন চাল, ফেনীতে পাঁচ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল, নেত্রকোনায় দুই লাখ টাকা, ভোলায় দুই লাখ টাকা, পিরোজপুরে দুই লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল, হবিগঞ্জে পাঁচ লাখ টাকা, মৌলভীবাজারে পাঁচ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং মানিকগঞ্জে চার লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়াও মৌলভীবাজার জেলার জন্য গৃহনির্মাণ বাবদ দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ফেনী ও সিলেট জেলার স্থানীয় গুদাম থেকে স্থানীয় প্রশাসন বুধবার দুপুর পর্যন্ত ১৭২ মেট্রিক টন চাল ও সাত লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর মধ্যে চট্টগ্রামে ৭২ মেট্রিক টন চাল ও চার লাখ ৫০ হাজার টাকা, কক্সবাজারে ১৪ মেট্রিক টন চাল, বান্দরবান জেলায় ২২ মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা, ফেনী জেলায় ১৪ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা এবং সিলেট জেলায় ৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
পর্যবেক্ষণ কেন্দ্র
এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি)’ সকাল ৬টা থেকে রাত ১২ পর্যন্ত খোলা রাখা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য এ কেন্দ্রের টেলিফোন নম্বর ৭১৬০৪৫৪, ৭১৬২১১৬ ও ৭১৬৪১১৫ এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
চট্টগ্রাম পরিস্থিতি
বুধবার বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামে জলাবদ্ধতা কমতে শুরু করেছে। তবে সেতু ভেঙে যাওয়ায় রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়নি। সীতাকুণ্ড পর্যন্ত ট্রেন যাচ্ছে। সেখান থেকে বিকল্প ব্যবস্থায় চট্টগ্রাম নগরীতে যেতে হচ্ছে।
শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে জমে থাকা পানি নেমে যাওয়ায় উড়োজাহাজ চলাচল বৃহস্পতিবার সকাল থেকে শুরুর আশা করছে কর্তৃপক্ষ।
প্রবল বর্ষণে চট্টগ্রাম মহানগরী ও জেলার ছয়টি স্থানে পাহাড় ধসে মারা গেছে শিশুসহ ২২ জন। এছাড়া দেয়ালচাপা পড়ে মৃত্যু হয়েছে দুটি শিশুর।
প্রবল বর্ষণের মধ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর খুলশী থানার বিশ্বকলোনি, আকবর শাহ মাজার সংলগ্ন ইয়াসিন কলোনি, মক্কীঘোনার দুটি স্থানে, সীতাকুণ্ডের ছলিমপুরে এবং বাঁশখালীতে পাহাড় ধস হয়।
বুধবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বকলোনিতে পাঁচটি, ইয়াসিন কলোনিতে ছয়টি, মক্কীঘোনায় ছয়টি, সীতাকুণ্ডের ছলিমপুরে দুটি এবং বাঁশখালীতে তিনটি লাশ উদ্ধার করা হয়।
দেয়াল ধসের ঘটনা দুটি ঘটে নগরীর আমবাগান ও হাটহাজারীর চিকনদণ্ডী এলাকায়।
এছাড়া নগরীতে তিনটি স্থানে তড়িতাহত হয়ে মারা গেছেন চারজন। সাতকানিয়ায় বজ্রপাতে মারা গেছেন দুজন।
বান্দরবান-কক্সবাজার পরিস্থিতি
সরকারি হিসেবে বান্দরবানে নিহতের সংখ্যা ৩৩ হলে স্থানীয়রা বলছেন এই সংখ্যা কমপক্ষে ৩৯।
লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ২৫ জন, রূপসীপাড়ায় ৩ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বাইশারীতে ঘর চাপায় এক পরিবারের সাতজনসহ ১১ জন মারা গেছেন বলে স্থানীয়রা জানান।
কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান-কেরানীহাট সড়কের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বান্দরবান, রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা ও আলীকদম এবং নাইক্ষ্যংছড়ির সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কক্সবাজারে সাতটি উপজেলার ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সদর, চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় দুদিনে পাহাড় ধস, মাটির ঘরের দেয়াল চাপা, পানিতে ডুবে ও বজ্রপাতে ৩৭ জন মারা গেছে।
জেলার সাত উপজেলার ৫২টি ইউনিয়নের মানুষ পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও সাগরের লোনা জলে ভাসছেন। জেলা ও উপজেলা প্রশাসন এসব ইউনিয়নগুলোর মধ্যে ২১টি ইউনিয়নকে ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হিসেবে চিহ্নিত করেছে।
সিলেট পরিস্থিতি
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি উপচে সিলেট নগরীর অন্তত ১৫টি এলাকা প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন পানিবন্দি মানুষজন। দুর্গতদের জন্য খোলা হয়েছে সাতটি আশ্রয়কেন্দ্র।
বুধবার সকালে গোয়াইনঘাটের জাফলং চা বাগানে পানিতে ডুবে শ্রীদিবস (১৬) নামে এক শ্রমিক মারা যান। মঙ্গলবার জৈন্তাপুরে চারিকাটা গ্রামে পানিতে ডুবে রুমা (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়।
নগরীর উপশহর, তেররতন, মেন্দিবাগ, সোবহানীঘাট, চালিবন্দর, ছড়ারপাড়, যতরপুর, মাছিমপুর, কুশিঘাট, ঘাসিটুলা, কলাপাড়া, নবাবরোড এলাকার কোথাও কোথাও কোমরসমান পানি জমেছে। বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় বন্দি অবস্থায় রয়েছেন এসব এলাকার মানুষজন।
এ ছাড়া শহরের তেররতন, মেন্দিবাগ এলাকার সড়কগুলোতে পানি জমে যাওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিকভাবে সিলেট সিটি কর্পোরেশনে সাতটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে দুর্গতদের। ০৮২১-৭১৮১৩২- এই নম্বরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।
এরই মধ্যে এসব আশ্রয় কেন্দ্রে দুই সহস্রাধিক দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমসি/প্রতিনিধি/এমআই/২৩৫৪ ঘ.
bdnews24