২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জকিগঞ্জে ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের জকিগঞ্জে নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগে থানার ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

সিলেট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জকিগঞ্জে নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগে থানার ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার জকিগঞ্জ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন নিহতের বড় ভাই ইনামতি গ্রামের আবদুল খালিক। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য জকিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মোয়াজ্জেম হোসেন। আসামিরা হলেন- জকিগঞ্জ থানার ওসি আবদুল হাই, উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা, উপজেলার ইনামতি গ্রামের শামীম আহমদ চৌধুরী, শাহীন আহমদ চৌধুরী, বোরহান উদ্দিন, তারেক আহমদ, তাজুল ইসলাম, হানিফ উদ্দিন, মতুর্জা আহমদ ও মহসীন চৌধুরী। মামলায় আবদুল খালিক অভিযোগ করেন, গত ১২ জুন ইনামতি গ্রামের শামীম চৌধুরীর নির্দেশে তার ভাই আবদুল মালিককে স্থানীয় ইউনিয়ন অফিস বাজার থেকে ধরে চেকপোস্ট বাজারে নিয়ে যাওয়া হয়। পরে মালিককে চোর অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফার হাতে তুলে দেওয়া হয়। থানায় এসআই মোস্তফা মালিকের ওপর রাতভর নির্যাতন চালান বলে মামলায় অভিযোগ করা হয়। আইনজীবী জানান, ১৮ জুন জামিনে মুক্তি পেয়ে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরেন মালিক। অসুস্থ অবস্থায় ২৩ জুন রাতে তার মৃত্যু হয়। শামীম চৌধুরী, তার লোকজন এবং পুলিশের নির্যাতনেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে মামলায় অভিযোগ করেন আবদুল খালিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২১০ ঘ.