২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘর নির্মাণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চায় সিসিসি

পাহাড়ের পাদদেশে অবৈধভাবে ঘর নির্মাণকারীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ের পাদদেশে অবৈধভাবে ঘর নির্মাণকারীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। বুধবার পাহাড় ব্যবস্থাপনা কমিটির অধীনে গঠিত সিটি কর্পোরেশন এলাকাভুক্ত ভিজিলেন্স সাব কমিটির এক সভায় এ আহ্বান জানানো হয়। কমিটির আহবায়ক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগমের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে তিনটি সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুপারিশগুলো হল- মহানগরীর পাহাড়ের পাদদেশে অবৈধভাবে ঘর নির্মাণ করে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ, পাহাড়ের পাদদেশে অবৈধভাবে ঘর নির্মাণকারীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। এছাড়া চট্টগ্রাম সেনানিবাস এলাকার মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ২৭৭ টি পরিবার এবং রেলওয়ের মালিকানাধীন পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করা পরিবারগুলোকে সরিয়ে নেওয়া। সভায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে আনোয়ারা বেগম পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি এ ব্যাপারে সংশি¬ষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সাব কমিটির সদস্যের মধ্যে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা উত্তম কুমার সাহা, চট্টগ্রাম সেনানিবাসের সিইও আবু আহম্মদ ছিদ্দিকী, চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মিজানুর রহমান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. শাহেদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা নুরুল ইসলাম, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২০৪৬ ঘ.