বরগুনা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা ডায়াবেটিক সমিতিতে চাকরিরত এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের শের-ই-বাংলা সড়কের বরগুনা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় মঙ্গলবার রাত আটটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
কক্সবাজারের উখিয়ার মরিচাপালন গ্রামের রেজাউল করিম নাম পাল্টে ডা. এ এস মুর্শিদী নামে চিকিৎসক সাজেন। মাসিক ২০ হাজার টাকা বেতনে গত ১ মে থেকে তিনি বরগুনা ডায়াবেটিক সমিতিতে চাকরি করছিলেন।
বরগুনা থানার ওসি জাকির হোসেন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত এপ্রিলের শেষের দিকে বরগুনা আসার পথে সনদপত্রের মূলকপিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেছে বলে বরগুনা থানায় প্রতারণামূলকভাবে সাধারণ ডায়েরি করেন রেজাউল।
বরগুনার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মো. আজিমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারের আগে গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয় এমবিবিএস এর ভুয়া সনদ দিয়ে অপ-চিকিৎসা চালাচ্ছেন তিনি।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে রেজাউল।
বরগুনা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রশিদ জানান, জিডি ও ডাক্তারি পাশের ফটোকপি দেখিয়ে তিনি ডায়াবেটিক সমিতিতে চাকরি নেন।
কক্সবাজারের ডা. আবদুস সালাম জানান, তার সনদ ফটোকপি করে রেজাউল এমবিবিএস-এর ভুয়া সনদ বানান।
বরগুনা থানার উপ-পরিদর্শক আবু হানিফ বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭১০ঘ.
bdnews24