ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বুধবার পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরসির নেতৃত্বে মিশরের জনগনের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে এবং মিশরে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খালেদা জিয়া।
রোববার মিশরের নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম ও জাস্টিস পার্টির প্রার্থী মুরসির জয় ঘোষণা করে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রেসিডেন্ট হিসেবে মুরসির নির্বাচিত হওয়ার ঘটনাকে ঐতিহাসিক বলে অভিহিত করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে মিশরের বিদ্যমান ঐতিহাসিক সর্ম্পক আগামীতে আরও শক্তিশালী হবে।
খালেদা জিয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৫২৪ ঘ.
bdnews24