সিলেট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজানের পাহাড়ী ঢল ও বৃষ্টির ফলে সিলেটের পাঁচ উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে গোয়াইনঘাটের জাফলং চা বাগানে পানিতে ডুবে শ্রী দিবস (১৬) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বন্যার পানিতে ডুবে মারা যায় জৈন্তাপুরের চারিকাটা গ্রামের রুমা (৫) নামের এক শিশু।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান এই দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী নিহার রঞ্জন দাস জানান, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১ দশমিক ৮১ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ৬৫ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে ১ দশমিক ৭৮ সেন্টিমিটার ও বিয়ানীবাজারে শেওলা পয়েন্টে ৯৭ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া সারি, পিয়াইন ও ধলাই নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যায় পানিবন্দি রয়েছে প্রায় তিন লাখ মানুষ। বন্যার কারনে সিলেট-গোয়াইনঘাট ও সিলেট-কানাইঘাট রুটে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও সিলেট সদর উপজেলার অংশবিশেষ প্লাবিত হয়েছে।
গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছনাকান্দি, কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ এবং কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি পানির নীচে তলিয়ে যাওয়ায় পাথর উত্তোলন বন্ধ রয়েছে।
সিলেট জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা রফিুকল ইসলাম জানান, ৫ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বন্যাদুর্গত এলাকায় ৫৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ৩৬ হাজার ৯১০টি পরিবার। পানির নীচে তলিয়ে গেছে ৭ হাজার ৭০ হেক্টর আউশ ফসলের মাঠ।
তিনি জানান, জেলা প্রসাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকায় ৫৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো চিড়া ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১২৫৩ ঘ.
bdnews24