বান্দরবান, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রাস্তায় পানি উঠে যাওয়ায় রোববার থেকে বান্দরবানের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও খাগাড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
গত এক সপ্তাহের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবান-কেরানীহাট প্রধান সড়কের আমতলী, বাজালিয়া, বিজিবি ট্রেনিং সেন্টারসহ কয়েকটি পয়েন্টে প্রায় ৬০০ ফুট রাস্তা ৪ থেকে ৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে।
এদিকে মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরো অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ায় কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে।
বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এম এন মোরশেদ মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের কয়েক হাজার পানিবন্দী মানুষের জন্য জেলা সদরে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
এগুলো হল-আল ফারুক ইনস্টিটিউট স্কুল, সরকারি হাই স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শহর মডেল প্রাইমারি স্কুল, আদর্শ প্রাইমারি স্কুল, বান্দরবান পাড়া প্রাইমারি স্কুল, বাস স্টেশন প্রাইমারি স্কুল, ওয়ার্ল্ডভিশন আশ্রয় কেন্দ্র, উপজেলা কমপ্লেক্স, জেলা পরিষদ রেস্ট হাউস, জেলা পরিষদ ডরমেটরি, হাফেজঘোনা আশ্রয় সেন্টার, ইসলামপুর, বনানী সমিন কাজী মুজিবের বাসা, বঙ্গবন্ধু স্মতি সংসদ।
এসব আশ্রয় কেন্দ্রে দুই হাজার ৫০০ লোকের জন্য লংগরখানা খোলা হয়েছে বলে জানান পিআইও।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান জানান, বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশন এলাকায় রাস্তার পাশে গাছ উপড়ে পড়ায় দুই দিন ধরে রুমায় বিদ্যুৎ নেই।
বান্দরবান মৃত্তিকা ও পানি সংরক্ষণ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সোমবার ১২৪ ও রোববার ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭০৬ ঘ.
bdnews24