ঝিনাইদহ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ থেকে রাইফেলসহ চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার হুদা পুটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হুদা পুটিয়া গ্রামের মতলেব মোল্লার ছেলে জিল্লুর রহমান ওরফে হাসান ওরফে কাজল এবং একই গ্রামের আহম্মেদ আলির ছেলে হানেফ বিশ্বাস।
র্যাব ঝিনাইদহ ক্যাম্প ইনচার্জ স্কোয়াডন লিডার হামিদুল হক বলেন, হুদা পুটিয়া গ্রামের হোসেন আলির বাড়ির পেছনে চরমপন্থীরা বৈঠক করছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে রাইফেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, গুম ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
এদিকে শৈলকুপার ফুলহরি বাজারে একটি দোকানের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬০৯ ঘ.
bdnews24