ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে প্রত্যাশিত বরাদ্দ না পেয়ে অর্থমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ পেতে দাতা সংস্থার শরণ নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
তিনি বলেছেন, “আমার বাজেট কমিয়ে ফেলা হয়েছে। আমি অর্থমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে দেন-দরবার করব।”
“স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে অর্থমন্ত্রীর ওপর চাপ প্রয়োগের জন্য আমি দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই।”
রোববার স্বাস্থ্যসেবা অর্থায়ন বিষয়ে ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। বৈঠকে ইউএসএআইডি, বিশ্বব্যাংক এবং সুইডেনসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রুহুল হক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটে তামাক জাতীয় ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাব করা হলেও তা রাখা হয়নি।
অর্থমন্ত্রী ২০১২-১৩ অর্থবছরের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৯ হাজার ৩৫৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন। গত বছরের তুলনায় এই বরাদ্দ মাত্র ১০ কোটি টাকা বেশি।
তবে, সমগ্র বাজেটের শতাংশের হিসাবে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ চলতি অর্থ বছরের বরাদ্দের চেয়ে কম। গত বছরে এই বরাদ্দ ছিল সমগ্র বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ, আর ২০১২-১৩ অর্থবছরে তা প্রস্তাবিত বাজেটের ৪ দশমিক ৯ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি শাখার মতে, স্বাস্থ্যের জন্য বাংলাদেশ বছরে মাথাপিছু মাত্র ১৬ ডলার ব্যয় করে। এটা মিয়ানমার ছাড়া প্রতিবেশী অন্য সব দেশের তুলনায় কম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলিতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার মৌলিক প্যাকেজের জন্য মাথাপিছু ৫৪ ডলার করা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এমআই/২৩৩৯ ঘ.
bdnews24