দিনাজপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় শতভাগ ক্ষতিপূরণের টাকা পরিশোধের দাবিতে ক্ষতিগ্রস্তদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
পাঁচদিনের অবস্থান কর্মসূচি শেষে শুক্রবার ক্ষতিগ্রস্তদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’ এ ঘোষণা দেয়।
এছাড়া তারা শনিবার থেকে কয়লা উত্তোলনে বাধা দেবে বলেও হুশিয়ারি দেয়।
বড়পুকুরিয়া কলয়া খনির ক্ষতিগ্রস্তদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র আহবায়ক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ দিনের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে তাদের দাবির বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার খনির ব্যবস্থাপনা পরিচালককে স্মারকলিপি দেওয়া হয়েছে। এতে শনিবার থেকে কয়লা উত্তোলন বন্ধের দাবি জানানো হয়।
ইব্রাহিম খলিল আরো বলেন, তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া শনিবার থেকে কয়লা উত্তোলন কাজে বাধা দেওয়া হবে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড’র (বিসিএমসিএল) ব্যবস্থাপক কামরুজ্জামান স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জেলা প্রশাসনের এখতিয়ারাধীন।
“কারণ টাকা জেলা প্রশাসনের ফান্ডে রয়েছে। এখানে আমাদের করার কিছু নেই। জটিলতা নিরসনের দায়িত্ব জেলা প্রশাসনের,” বলেন কামরুজ্জামান।
এ ব্যাপারে জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তাদের দাবি অনুযায়ী ক্ষতিপূরণের শতভাগ টাকা এ মুহূর্তে দেওয়া সম্ভব নয়, কারণ প্রায় সাড়ে চারশ’ আপত্তিসহ মামলায় জটিলতা রয়েছে। এগুলো আগে নিষ্পত্তি করতে হবে।
সোমবার দুপুর থেকে ক্ষতিগ্রস্তরা পাঁচ দিনের অবস্থান কর্মসূচি শুরু করে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি. কার্যালয়ের প্রধান ফটকের সামনে। শুক্রবার ছিল কর্মসূচির শেষ দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩০ঘ.
bdnews24