আসাদুজ্জামান আসাদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বেনাপোল, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র দুই হাজার টাকায় যশোরের সাংবাদিক জামাল উদ্দিনকে হত্যার জন্য এক কিশোরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ঘটনার দুই সপ্তাহ আগে ওই পরিকল্পনা করা হলেও খুন না করেই ফিরে যায় সে।
ওই কিশোরকে জিজ্ঞাসাবাদে এমনই তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।
গত শুক্রবার রাত ১১টার দিকে শার্শার কাশীপুর বাজারে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার পর একটি চোখ তুলে নেয় যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ প্রতিনিধি জামাল উদ্দিনের।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি লতা বেগম ছাড়া কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে জিঙ্গাসাবাদের জন্য আটক করা তিন জন জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে তারা দাবি করেছেন।
আটকরা হলেন- কাশিপুরের লিয়াকত আলির ছেলে দেলোয়ার হোসেন দিলু (কাশিপুর বাজারের এক দোকানদার), বেলতা গ্রামের নুর হোসেনের ছেলে মিলন, রামচন্দ্রপুরের আ. সাত্তারের ছেলে হাসান (ভাড়ায় মটর সাইকেলের চালক)।
সোমবার তাদের জিঙ্গাসাবাদ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্তকালে তারা জানতে পারেন হত্যাকা-ের দু’সপ্তাহ আগেই তোতা তার লোকজন নিয়ে সাংবাদিক জামাল উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেছিল।
এরই সূত্র ধরে সোমবার দুপুরে উপজেলার সালতা গ্রাম থেকে মিলনকে আটক করা হয়। মঙ্গলবার রেকর্ড করা হয়েছে তার জবানবন্দি।
মিলনের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা জানান, মিলন দীর্ঘদিন ধরে তোতা মিয়ার ভাই উকিলের সঙ্গে চোরাচালানের পণ্য আনা-নেওয়ার কাজ করে আসছে। দেড়মাস আগে সে উকিলের কাছে দুই হাজার টাকা ধার চায়। এ সময় উকিল তাকে এই টাকার পরিবর্তে একটি কাজ করে দিতে বলে। কাজ হিসেবে একজনকে মারার কথা বলায় মিলন প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়।
এর কয়েকদিন পর তোতা মিয়া সাংবাদিক জামাল উদ্দিনকে দূর থেকে দেখিয়ে মিলনকে তাকে মারার কথা বলে।
“তবে পাকশিয়া বাজারে গিয়ে জামালের ওপর হামলা না করে ফিরে আসায় উকিল তাকে মারধর করে বলে মিলন জানিয়েছে,” যোগ করেন পুলিশ কর্মকর্তা মাহফুজ।
জবানবন্দি নেওয়া শেষে মিলনকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আরো জানান, হত্যাকা-ের পরদিন শনিবার হাসানের মটরসাইকেলে করে তোতা ও তার ভাই উকিল ভারতে পালিয়ে গেছে বলে তারা জানতে পেরেছেন।
এদিকে সাংবাদিক জামালের ছেলে চঞ্চলের চাকরিসহ লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এ ছাড়া যশোর সীমান্ত বাসমালিক সমিতি জামালের পরিবারের সহায়তায় নগদ ৪০ হাজার টাকা দিয়েছে। এর বাইরে গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন নগদ ১০ হাজার দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০১ ঘ.
bdnews24