২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪০

ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে কর্মসূচি দেওয়ায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ভোলা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে কর্মসূচি দেওয়ায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে চরফ্যাশন সদর রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজুর রহমান জানান। তিনি বলেন, আহতদের মধ্যে ৩২ জনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তিন সাংবাদিকও আহত হন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা-৪ আসনের সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের কারা মুক্তিতে বৃহস্পতিবার বিকালে সদর রোডে সংবর্ধনার আয়োজন করে উপজেলা বিএনপি। একই স্থানে আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে যুবলীগ ও ছাত্রলীগ । এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দুপুর থেকে উত্তেজনা চলছিল। বিকাল সাড়ে চারটার দিকে আওয়ামী লীগ সদর রোডের উত্তর দিক থেকে মিছিল শুরু করে দক্ষিণ দিকে যাচ্ছিল। এসময় বিএনপি নেতাকর্মীরাও দক্ষিণ দিকে জড়ো হচ্ছিলেন। মিছিল সেখানে পৌঁছামাত্র ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। চরফ্যাশন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে রয়েছেন- আজাদ, মিজান, মামুন, নুর ইসলাম, কালাম, রিয়াজ, আমিনুল, শাহিন, কাজী নেছার, মোস্তফা, লিটন, বাচ্চু, আমজাদ, আবুল কালাম, শফি, আকতার, বুলবুল, শাহেদুল, ফিরোজ, সফিজল, সোহাগ, মামুন, ইমন, দুলাল, মোশারেফ, সুজন, শফি আলম, মতিন, সাজু, হানিফ, রিয়াজ, আকবর ও শাহ আলম। এসময় দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক মতবাদ এর জামাল মোল্লা, মাইনুদ্দিন জমাদার ও দৈনিক আজকের ভোলা প্রতিনিধি ইয়াছিন আরাফাত আহত হন। বাজারে উত্তেজনা বিরাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০২৩ ঘ.