২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর সদর উপজেলায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

মাদারীপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সরকারি নাজিমউদ্দিন কলেজে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম মিলন ও মস্তফাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাসিব হাওলাদারকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কলেজে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম সমর্থিত দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল বিরাজ করছে বলে জানা গেছে। আহত রফিকুল ইসলাম মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ভর্তি বিষয়ক সহযোগিতা করার সময় শাজাহান খান সমর্থিত কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক মিরাজ, মুন্না, শাকিল ও সোহেলসহ আরো কয়েকজন আমাদের ধাওয়া করে। এ সময় তারা আমাকে ও হাসিব হাওলাদারকে কুপিয়ে আহত করে।” ছাত্রলীগের ওই পক্ষটি হাসপাতালে এসেও হামলা করেছে বলে জানান তিনি। কলেজ ছাত্র সংসদের ভিপি জাহিদ হোসেন অনিক বলেন, “বহিরাগতদের নিয়ে কয়েকজন ছাত্রলীগ নেতা কলেজে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের নেতা মিলন ও হাসিবকে কুপিয়েছে।” অবশ্য মিরাজ হোসেন দাবি করেছেন, অহেতুক তার নাম জড়ানো হয়েছে। মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান হাসপাতাল ভাঙচুরের বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৯৪৮ ঘ.