ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড তদন্তে র্যাব বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনের কার্যালয়ে যায়।
নিহত সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের জন্য তাদের সহকর্মীরা কয়েকদিন ধরে বেসরকারি টেলিভিশন স্টেশন এটিএন বাংলার মালিক মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের দাবি করে আসছিল।
র্যাবের মুখপাত্র এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ড. মাহফুজের কাছ থেকে একটি ভিডিও ক্যাসেট সংগ্রহ করেছি এবং নিহত সাংবাদিক রুনির কার্যস্থল পরিদর্শন করেছি।”
স্টেশনটির বার্তা প্রধান ও রুনির সহকর্মী জ ই মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা এসেছিলেন এবং চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেন।”
এটি তদন্তের অংশ জানিয়ে মাহফুজকে জিজ্ঞাসাবাদের কথা অস্বীকার করেন র্যাব মুখপাত্র।
তবে এটিএন মালিকের সঙ্গে র্যাব কর্মকর্তারা কী কী বিষয়ে কথা বলেছেন, সে বিষয়ে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি।
মাহফুজুর রহমানের কাছ থেকে একটি সিডি নেওয়া হয়েছে বলে র্যাব কর্মকর্তা এম সোহায়েল জানিয়েছেন। র্যাব বর্তমানে এই হত্যাকাণ্ডের তদন্ত করছে।
হত্যাকাণ্ডের চার মাসেও তদন্তের কোনো সুরাহা না হওয়ার মধ্যে সম্প্রতি মাহফুজুর রহমান লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, সাগর সরওয়ার ও মেহেরুন রুনি পরকীয়ার বলি।
নিজ প্রতিষ্ঠানের কর্মী রুনি এবং তার স্বামী সাগরের সম্পর্কে এই মন্তব্যে সাংবাদিক মহলে নিন্দার ঝড় ওঠে। তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি তোলে সাংবাদিকদের সংগঠনগুলো।
সাগর-রুনি খুন হওয়ার বিষয়ে তার কাছে ভিডিও ফুটেজ রয়েছে বলেও লন্ডনে বলেছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান।
এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সাগর-রুনি দম্পতির সন্তান মেঘের সাক্ষাৎকারের একটি ভিডিও সিডি সংগ্রহ করেছেন।
“আমরা এই (মেঘের) ভিডিওটি দেখতে চাই। সেই সঙ্গে হত্যাকাণ্ডের পর এটিএন বাংলার ভিডিও ফুটেজও সংগ্রহ করেছি আমরা,” বলেন তিনি।
গত ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
এই হত্যাকাণ্ড তদন্তে গোয়েন্দা পুলিশ দায়িত্ব নিলেও তারা ব্যর্থ হওয়ায় দুই মাস আগে উচ্চ আদালত র্যাবকে তদন্তের দায়িত্ব দেয়।
সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে সাংবাদিক সংগঠনগুলো ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এমআই/১৯২৫ ঘ.
bdnews24