নোয়াখালী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- নোয়াখালীর চৌমুহনী সরকারি এসএ কলেজে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের ওই সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগকর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিপেটা শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করার পাশাপাশি পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
বেগমগঞ্জ থানার ওসি আমিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে।
ছাত্রদের হামলায় আহত ৪ পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাত্রলীগ ও ছাত্রদল এই অনাকাক্সিক্ষত সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করেছে। সংগঠন দুটি বলছে, বিনা কারণে ছাত্রনেতাদের ওপর পুলিশ হামলা না চালালে এ ঘটনা ঘটতো না।
কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আজম মির্জা ও ছাত্রদল আহ্বায়ক খোরশেদ আলম জানান, পুলিশ হামলা না করলে পরিস্থিতি এরকম হতো না।
ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮৪৩ ঘ.
bdnews24