দিনাজপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক-মালিক দ্বন্দ্বের কারণে দিনাজপুর-ঢাকা বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুর থেকে কোনো বাস ছাড়েনি এবং ঢাকা থেকে ছেড়ে আসা কোনো বাসও দিনাজপুরে প্রবেশ করেনি। গত বুধবার মধ্যরাত থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা-দিনাজপুর চলাচলকারী হানিফ পরিবহনের কর্তৃপক্ষ দিনাজপুরের ৪ জন কর্মীকে অন্যায়ভাবে ছাটাই করেছে এবং শ্রমিক ইউনিয়ন নেতাদের গালমন্দ করেছে। এর প্রতিবাদে আমরা শুধু হানিফ পরিবহনে বাস চলাচল বন্ধ করেছি।”
“তবে মালিক পক্ষ পাল্টা ব্যবস্থা হিসাবে অন্য সব বাস চলাচল বন্ধ রেখেছে।”
চাকরিচ্যুত বাবু, বাপ্পী, হুসেন এবং সুজন হানিফ পরিবহনের চালক তদারককারী ও সহযোগী ছিলেন।
দিনাজপুর মোটর পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা ও দিনাজপুরের মধ্যে চলাচলকারী বাস সার্ভিসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ঢাকা থেকে বাস মালিকরা আন্তনগর এই বাস সার্ভিস বন্ধ রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১২৩৯ ঘ.
bdnews24