বেনাপোল, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিসেরা রিপোর্টের নমুনা সংগ্রহের জন্য বুধবার যশোরের সাংবাদিক জামাল উদ্দীনের লাশ তুলেছে পুলিশ।
রাত ৮টার দিকে জেলার নির্বাহী ম্যজিস্ট্রেট নাহিদুল মুস্তাকের উপস্থিতিতে কাশিপুর গ্রামের কবর থেকে লাশ তোলা হয়। নমুনা সংগ্রহের পর আবার যথাস্থানে রেখে দেওয়া হয়েছে।
এ সময় র্যাব-৬ এর উপ-পরিচালক আবু বকর ছিদ্দিক, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সহিদ আনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, থানার ওসি এ কে এম ফারুক হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাফুজুর রহমান উপস্থিত ছিলেন।
ম্যজিস্ট্রেট নাহিদুল মুস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ভিসেরা রিপোর্টের তৈরির জন্য নমুনা সংগ্রহ করতে জামালের লাশ তোলা হয়।
তিনি বলেন, যশোর থেকে আনা ডোম গোবিন্দ দাস ও রবিদাস লাশ তোলার পর ম্যজিস্ট্রেটের নেতৃত্বে থাকা দলের সদস্যরা নমুনা সংগ্রহ করেন।
শার্শা থানার ওসি এ কে এম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের আগে জামাল উদ্দীন কাশিপুর বাজারের রবির চায়ের দোকানে বসেছিলেন। হত্যাকারীরা এ সময় তার সঙ্গে বসে চা এবং কোল্ড ড্রিংস পান করে।
“কোল্ড ড্রিংসয়ে কোনো বিষ মেশানো ছিল কিনা তা নিশ্চিত হতে ভিসেরা রিপোর্টর তৈরির জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে,” বলেন ওসি।
শুক্রবার রাত ১১টার দিকে শার্শার কাশিপুর বাজারে সন্ত্রাসীরা কুপিয়ে ও চোখ উঠিয়ে জামাল উদ্দীনকে হত্যা করে। জামাল শার্শার কাশিপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে। শার্শা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক। যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজে কর্মরত ছিলেন।
এ ঘটনায় শনিবার সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে শার্শা থানায় মামলা করেছেন নিহতের বাবা আব্দুল আলিম।
ঘটনার দিন আসামি তোতা মিয়ার স্ত্রী লতা বেগম (পরে মামলার আসামি) এবং সোমবার কাশীপুর বাজারের দেলোয়ার হোসেন দিলু নামের এক দোকানদারকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৭ ঘ.
bdnews24